গোলাপগঞ্জে ডাকাতের গুলিতে ব্যবসায়ী নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জে ডাকাতের গুলিতে ঢাকা দক্ষিণবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৩৮) আহত হয়েছেন। তাঁকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় গতকাল রোববার সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে ঢাকা দক্ষিণ ইউপির দত্তরাইল গ্রামে নজরুল ইসলামের বাড়িতে ১৫-১৬ জনের সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। মুখোশপরা অবস্থায় তাঁরা বাড়িতে ঢুকতে কলাপসিবল গেটের তালা ভাঙার চেষ্টা করে। এ সময় নজরুল ঘুম থেকে জেগে ডাকাতদলকে প্রতিরোধের চেষ্টা করেন। ডাকাতি করতে না পেরে নজরুলকে লক্ষ্য করে ডাকাতেরা গুলি ছোড়ে। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) এমদাদুল হক শেখ জানান, সিলেট দক্ষিণ সার্কেলের এএসপির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।