গোলাপগঞ্জে নারী সেবায়েত খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কালাচাঁদবাড়ীর সেবায়েত অঞ্জু চক্রবর্তী (৩৮) নিজ ঘরে খুন হয়েছেন। গতকাল সোমবার সকালে বসতঘরে হাত-পা বাঁধা ও গলায় ওড়না জড়ানো অবস্থায় পুলিশ সেবায়েতের মরদেহ উদ্ধার করেছে।অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রোববার রাতে তাঁর ঘরে ঢুকে হত্যা করে পালিয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে থানায় হত্যার মামলা করেছেন।পুলিশ ও পরিবার সূত্র জানায়, লক্ষ্মীপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের প্রয়াত হিরেন্দ্র চক্রবর্তীর মেয়ে অঞ্জু চক্রবর্তী কালাচাঁদবাড়ীর সেবায়েত ছিলেন। তিন ভাই ও ছয় বোনের পরিবারে তিনি ছিলেন পঞ্চম। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত থাকায় নিজ ঘরে একাই বসবাস করতেন। গতকাল সকালে তাঁর ঘরে মরদেহ দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। গোলাপগঞ্জ থানার ওসি এমদাদুল হক শেখ প্রথম আলোকে জানান, লাশ উদ্ধার করার সময় সহকারী পুলিশ সুপারসহ তিনি ঘর পরিদর্শন করেছেন। গলায় ওড়না জড়ানো থাকলেও হাতে-পায়ে বাঁধা ও জখমের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের বেলায় তাঁকে শ্বাসরোধ করে মেরেছে।