গোলাপগঞ্জে বিদ্যালয়ের ৫১ শিক্ষার্থী অচেতন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গতকাল বুধবার শরীরচর্চা (পিটি) চলাকালে একসঙ্গে ৫১ জন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। এদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।বিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকাল নয়টায় বিদ্যালয়ে প্রতিদিনের মতো শরীরচর্চা শুরু হয়। বিদ্যালয় আঙিনায় শরীরচর্চা চলাকালে সংশ্লিষ্ট শিক্ষক লাইনে দেরিতে দাঁড় করানোর অভিযোগে শাস্তি দেন। এ সময়ই পর্যায়ক্রমে ৫১ শিক্ষার্থী শরীরচর্চার জন্য সারিবদ্ধভাবে লাইন থেকে মাটিতে ঢলে পড়ে। এদের অ্যাম্বুলেন্স ও রিকশাযোগে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ৫১ শিক্ষার্থীর মধ্যে আটজনকে ভর্তি রাখা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়। অসুস্থতার কারণ সম্পর্কে শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, বিদ্যালয় আঙিনায় যেতে দেরি করায় এবং শরীরচর্চা চলাকালে গল্পগুজব করার অভিযোগে মেয়েদের লাইনে দাঁড় করিয়ে রাখেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক কামরুল হাসান। পাঁচটি লাইনে দাঁড়ানো ৬০ জন শিক্ষার্থীর মধ্যে কামরুল প্রতিজনকে ৫০ বার করে কান ধরে ওঠবস করার কথা বলেন। কয়েকজন শিক্ষার্থী ওই লাইনে থেকে কান ধরে ওঠবস করতে গিয়ে ঢলে পড়ে। এরপর এ দৃশ্য দেখে ৫১ জন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। পরে শিক্ষকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে লোক মারফত খবর পেয়ে অভিভাবকেরা সেখানে যান। এক শিক্ষার্থীর অভিভাবক জানান, তাঁরা চিকিৎসকের সঙ্গে আলাপ করে জেনেছেন, রোদে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। এ জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় ভট্টাচার্য চারজন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান। অসুস্থতার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়েছে। তবে কয়েকজন শিক্ষার্থী সুস্থ হওয়ার পর জানিয়েছে শরীরচর্চার শিক্ষক তাদের শারীরিকভাবে নির্যাতন করায় এমন হয়েছে।’অভিযুক্ত শিক্ষক কামরুল হাসানের সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম নুরুল হক প্রথম আলোকে জানান, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক খোঁজ নিয়ে সত্যতা পাওয়া যায়নি। এর পরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।