গোলাপগঞ্জে ভোট পুনঃ গণনার দাবি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ‘কারচুপি’ ও ‘ষড়যন্ত্র’ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ-সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইকবাল আহমদ চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট লুৎফুর রহমান।
গতকাল শুক্রবার নগরের একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন, জামায়াত-সমর্থিত প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের কারণে নির্বাচনে ইকবাল আহমদ পরাজিত হয়েছেন। তিনি ভোট পুনঃ গণনার দাবি জানান। এলাকার অনেকে জানান, নির্বাচন কমিশনের ঘোষিত প্রথম দফা তফসিল অনুযায়ী গত বুধবার গোলাপগঞ্জসহ সিলেটের ছয় উপজেলায় ভোট গ্রহণ হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির নজমুল ইসলাম বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী। ভোট গ্রহণের দিন নির্বাচন নিয়ে কোনো অভিযোগ তোলা হয়নি। দুই দিনের মাথায় নির্বাচনে জামায়াত-শিবিরের নানা রকম প্রভাব বিস্তার করা ও ‘গভীর ষড়যন্ত্র’ এবং ‘সূক্ষ্ম কারচুপি’র অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে লুৎফুর রহমান বলেন, নির্বাচনে জামায়াত-সমর্থিত প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা পাঁচ হাজার ৫১৯টি ব্যালট পেপার বাতিল ঘোষণা করেন; যা অবিশ্বাস্য। তিনি উদাহরণ দিয়ে বলেন, ভাদেশ্বর নাছির উদ্দিন হাইস্কুল কেন্দ্রে ১৭৭টি ভোট বাতিল করা হয়। যার মধ্যে ৯২টি ব্যালট গণনাকালে পাওয়া যায়নি। তিনি আরও জানান, বিভিন্ন ভোট কেন্দ্রে জামায়াত সমর্থকদের আধিপত্যে ও জামায়াত সমর্থক প্রিসাইডিং কর্মকর্তার সহযোগিতায় দুপুর ১২টা থেকে জাল ভোট পড়তে থাকলে আমাদের এজেন্ট প্রতিবাদ জানান। কিন্তু তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে কেন্দ্র থেকে জোর করে বের করা হয়।
সংখ্যালঘু ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১০ দিনের মধ্যে ফলাফল স্থগিতসহ পুনরায় ভোট গণনার ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।