গোলাপগঞ্জে মুখোশধারীদের গুলিতে ছাত্রদলের নেতা আহত, সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোলাপগঞ্জে একদল মুখোশ পরিহিত অস্ত্রধারীর গুলিতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সুফিয়ান খান (২৮) ও তাঁর এক চাচা পাখি মিয়া (৪০) আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় পৌর শহরের চৌমুহনীতে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা অস্ত্রধারীদের ধাওয়া করে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে প্রায় আধাঘণ্টা পর বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করে।আহত দুজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান খান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহিন আহমদ খানের ছোট ভাই। রাত নয়টায় গোলাপগঞ্জ থানার ওসি আবদুর রাজ্জাক খান জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।