গোলাপগঞ্জে শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রণকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান কুমার দাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষকেরা দু্ই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। উপজেলা শিক্ষক সমিতির ডাকে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল মঙ্গলবার এ কর্মসূচি পালন করেন। শিক্ষকেরা একই সঙ্গে লাঞ্ছনাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রণকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। অনুষ্ঠানে পৌর মেয়র জাকারিয়া আহমদ ওরফে পাপলুকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে থাকা শিক্ষক বিধান কুমার দাসকে মেয়রের সমর্থকেরা লাঞ্ছিত করে একটি কক্ষে আটক রাখেন। এ ঘটনায় গত রোববার ছয়জনকে আসামি করে থানায় মামলা করা হয়। পুলিশ গত সোমবার রাজন আহমদ (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে। মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হচ্ছেন—পৌর মেয়র জাকারিয়া আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জুমেরুজ্জামান, ছাত্রলীগের নেতা জুবের আহমদ, দেলোয়ার হোসেন ও যুবলীগের নেতা মন্জুর আহমদ।এদিকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ‘গোলাপগঞ্জ পৌর নাগরিক কমিটি’ নামে একটি নাগরিক সংগঠন গতকাল প্রতিবাদ সভা করেছে। আবদুল জলিলের সভাপতিত্বে সভায় বক্তারা শিক্ষক লাঞ্ছনার ঘটনাটি ষড়যন্ত্রমূলক দাবি করে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।