গোলাপগঞ্জে সংঘর্ষে আহত চাচাতো দুই ভাইয়ের মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জের বসন্তপুরে বাড়ির রাস্তার মাটি কাটা নিয়ে সংঘর্ষে আহত চাচাতো দুই ভাই মারা গেছেন।গত বৃহস্পতিবার সংঘর্ষে আহত অবস্থায় দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত প্রায় সাড়ে ১০টায় দুজনই মারা যান। নিহত ব্যক্তিরা একে অপরের চাচাতো ভাই। তাঁদের উভয়ের নাম রানা মিয়া। একজন বসন্তপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে রানা মিয়া (২০) এবং অপরজন ছানা মিয়ার ছেলে রানা মিয়া (২৩)। তাঁরা দুজনই বসন্তপুর গ্রামে ছোট রানা ও বড় রানা নামে পরিচিত ছিলেন। এ ঘটনায় গতকাল শুক্রবার মাসুক মিয়া বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, শরীফগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামে বাড়ির সামনের রাস্তা নিয়ে জয়নাল মিয়া ও মাসুক মিয়ার মধ্যে বিরোধ চলছে। বৃহস্পতিবার সকালে ওই রাস্তায় চাচাতো ভাইকে নিয়ে মাটি কাটছিলেন মাসুক মিয়ার ছেলে রানা মিয়া। এ খবর শুনে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জয়নাল মিয়ার পক্ষের লোকজন ঘটনাস্থলে গেলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষে জয়নাল মিয়ার পক্ষের লোকজন একতরফাভাবে মাসুক মিয়ার পক্ষের লোকজনকে মারধর করে। এতে আটজন আহত হয়। আহত ব্যক্তিদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়।এ ঘটনায় গতকাল শুক্রবার ৪৩ জনকে আসামি করে মাসুক মিয়া বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি জয়নাল মিয়া, মাহতাব উদ্দিন, মবু মিয়া, নজির আলীকে গ্রেপ্তার করে।গোলাপগঞ্জ থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গ্রেপ্তার হওয়া চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।