গোলাপগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী আওয়াল খান পাখি মিয়া (৬০) মারা গেছেন। গতকাল রোববার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় পৌর শহরের চৌমুহনীতে মুখোশ পরা একদল সন্ত্রাসীদের গুলিতে আহত হন ছাত্রদলের পৌর কমিটির সাধারণ সম্পাদক সুফিয়ান খান। এ সময় সুফিয়ানের চাচা পাখি মিয়া এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁকে হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। ওই রাতেই তাঁদের হাসপাতালে ভর্তি করা হলে গতকাল পাখি মিয়ার মৃত্যু হয়।এলাকাবাসী জানান, শুক্রবার পৌর শহরের খাসিখাল সেতু এলাকায় দুই মাদক ব্যবসায়ী জামাল ও অপুর সঙ্গে সুফিয়ানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুফিয়ান তাদের ধাওয়া করে এলাকা ছাড়া করেন। এ সময় ব্যবসায়ী পাখি মিয়াসহ স্থানীয় কয়েক ব্যক্তি উপস্থিত ছিলেন। এলাকাবাসী অভিযোগ করেন, এ ঘটনার জের ধরেই মাদক ব্যবসায়ীদের হাতে তিনি খুন হয়েছেন।এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক খান জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় সুফিয়ান খান বাদী হয়ে জামাল, অপুসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।