গোলাপগঞ্জে সুরমা ভাঙছে গ্রাম ও হাটবাজার
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ফুলবাড়ী পূর্বপাড়া এলাকার একটি কুঁড়েঘরে থাকেন ষাটোর্ধ্ব মস্তাকিন আলী। আতঙ্কে রাতে তাঁর ঘুম আসে না। কারণ, সব সময় তিনি শুনতে পান সুরমা নদীর ঢেউয়ের শব্দ। ভাঙতে ভাঙতে নদী তাঁর ঘরের অর্ধেকটা কেড়ে নিয়েছে। বাকিটুকুও এখন বিলীনের পথে।শুধু তাঁর নয়, ফুলবাড়ী গ্রামের প্রতিটি মানুষের চোখেমুখে এখন ভাঙন-আতঙ্ক। গ্রামবাসীর অভিযোগ, ১৫ বছর ধরে প্রতিবছর বর্ষায় সুরমার ঢেউয়ের আঘাতে ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামসহ আশপাশের প্রায় এক কিলোমিটার জায়গার স্থাপনা ভাঙছে, অথচ তা মোকাবিলায় সরকার পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি।সরেজমিনে দেখা গেছে, সুরমার তীরবর্তী এলাকায় ঢেউয়ের আঘাতে প্রতিদিনই পাড় ভাঙছে। চলতি বর্ষা মৌসুমে বিলীন হয়েছে প্রায় ১৫টি বসতবাড়ি। ভাঙনের ১০০ গজের ভেতরে রয়েছে গুরুত্বপূর্ণ কৈলাসটিলা গ্যাস ফিল্ড, এমসি একাডেমি বিদ্যালয়, সুবিশাল খেলার মাঠ ও পৌরবাজার।ফুলবাড়ী গ্রামের বাসিন্দা দিনমজুর রুকন মিয়া (২১) বলেন, ‘একমাত্র সম্বল বসতবাড়িটির প্রায় অর্ধেক এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে। বাকিটুকু কখন জানি বিলীন হয়ে যায়, তা নিয়ে খুবই চিন্তায় আছি।’গ্রামের ফারুক আহমদ (৪৪), মাখন মিয়াসহ (৩৫) আরও কয়েকজন বললেন, ‘সুরমার ভাঙনে রাতে ঘুমাইতে ভয় পাই। নদী ভাঙতে ভাঙতে বাড়ির কাছে চইলা আইছে। মনে হয়, এই বুঝি বাড়ি পানিতে পড়ল।’গোলাপগঞ্জ পৌরসভার মেয়র জাকারিয়া আহমদ বলেন, প্রতিবছরই সুরমা নদীতে ভাঙন দেখা দেয়। বর্তমানে ভাঙনের অবস্থা দেখে মনে হচ্ছে দ্রুত সংস্কার করা না হলে ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামের ব্যাপক অংশ নদীগর্ভে বিলীন হবে।পৌরসভার পক্ষ থেকে কী উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে সমন্বয় সভা হয়েছে। সভায় অর্থমন্ত্রীকে নদীভাঙনের বিষয়টি অবহিত করি। তিনি ভাঙনকবলিত এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস দেন।’পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, কয়েক বছর ধরে ফুলবাড়ী এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙন প্রতিরোধে আপাতত কোনো প্রকল্প নেওয়া হচ্ছে না।