দেশে গতকাল সোমবার চতুর্থবারের মতো পালিত হয়েছে স্তন ক্যানসার সচেতনতা দিবস। ১৯টি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম দিবসটি পালনে বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করে।
দিবসটি উপলক্ষে স্তন ক্যানসারের প্রাথমিক প্রতিরোধ, সূচনায় নির্ণয় ও স্ক্রিনিং, উপযুক্ত ও পরিপূর্ণ চিকিৎসা বিষয়ে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য গতকাল সকাল নয়টায় রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ফার্মগেট পর্যন্ত গোলাপি সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কবি, ক্যানসার সারভাইভার ও সাংসদ কাজী রোজী শোভাযাত্রার উদ্বোধন করেন। তিনি বলেন, স্তন ক্যানসার ধরা পড়লে হাল ছেড়ে না দিয়ে ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে।
ফোরামের প্রধান সমন্বয়কারী ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ক্যানসার ইপিডেমিওলজি বিভাগের প্রধান হাবিবুল্লাহ তালুকদার সূচনা বক্তব্যে ক্যানসার প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসাসেবাকে প্রাথমিক স্তরের স্বাস্থ্য ব্যবস্থায় সংযুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ শিকদার, অধ্যাপক শারফুদ্দিন আহমেদ ও অধ্যাপক জাকারিয়া স্বপন উপস্থিত ছিলেন।
স্তন ক্যানসার নিয়ে সচেতনতার প্রতীক গোলাপি রং। শোভাযাত্রাটি বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে শেরেবাংলা নগরে গিয়ে শেষ হয়। পথে সাধারণ জনগণের হাতে দেওয়া হয় বিভিন্ন লিফলেট। বিকেলে ধানমন্ডির ছায়ানট ভবনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া দেশের ৬৪ জেলা শহরেও দিবসটি পালিত হয়। বিজ্ঞপ্তি