গোলাপে পোকার ছোবল
দেশের বৃহৎ ফুল উৎপাদন অঞ্চল যশোরের গদখালীর গোলাপ ফুলের বাগানে পোকার আক্রমণ দেখা দিয়েছে। গাছের কচে (কচি পাতার ডগা) কুঁড়ি ধরছে না। ফলে গোলাপের উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে গেছে।গোলাপের গাছে কুঁড়ি ধরানোর জন্য চাষিরা সার, কীটনাশক প্রয়োগসহ সব ধরনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। কিন্তু কিছুতেই কুঁড়ি ধরছে না। অনেক খেতে মুকুল এলেও ফুটছে না ফুল। তাই কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক বিপ্লব কুমার সাহা প্রথম আলোকে জানান, পোকার আক্রমণ ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে এমনটি হতে পারে। পোকার আক্রমণ হলে ওমেক্স এবং আবহাওয়াজনিত কারণে এ সমস্যা হলে কুপরাভিট ওষুধ প্রয়োগ করতে হবে। তিনি আরও জানান, ওই এলাকা ঘুরে দেখা গেছে, মাকড় পোকা ফুলের কুঁড়ির গোড়া খেয়ে ফেলছে। এতে কুঁড়ি দুর্বল হয়ে শুকিয়ে যাচ্ছে। এ জন্য ফুল ফুটছে না। কয়েক দিন ধরে এ অঞ্চলে ঘন কুয়াশা পড়েছে। এতেও ফুল ফোটার ক্ষেত্রে সমস্যা হতে পারে।গদখালী ফুল চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম জানান, গদখালী অঞ্চলে সাড়ে তিন শতাধিক কৃষক গোলাপ ফুল উৎপাদন করেন। এর মধ্যে অন্তত ২০০ কৃষকের শতাধিক হেক্টর জমিতে পোকার আক্রমণ ও বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে। এ জন্য গোলাপের সংকট দেখা দিয়েছে। গতকাল গদখালী এলাকার গোলাপের বাগানে গিয়ে দেখা যায়, লালচে রঙের কচি পাতার ডগা সবুজ হয়ে গেছে। ডগায় কুঁড়ি আসেনি। পাতা চওড়া হয়ে গাছ ঝাড়ায় পরিণত হয়েছে। ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামের গোলাপফুল চাষি কামারুল ইসলাম দেড় বিঘা জমিতে গোলাপের বাগান করেছেন। তাঁর বাগানে দু-একটি ফুল ফুটেছে। কৃষক কামারুল ইসলাম গতকাল গাছ দেখাতে দেখাতে এ প্রতিবেদককে বলেন, ‘পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারিতে ফুল বিক্রির লক্ষ্য নিয়ে প্রতিবছর অগ্রহায়ণ মাসে গাছ ছেঁটে দেওয়া হয়। এতে গাছে নতুন ডগা বের হয়। প্রতিটি ডগায় একটি করে কুঁড়ি আসে। কিন্তু এ বছর আর ডগায় কুঁড়ি আসেনি। গত বছরের ১০ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ৭৩ হাজার টাকার ফুল বিক্রি করেছিলাম। কিন্তু এবার মাত্র সাড়ে ছয় হাজার টাকার ফুল বিক্রি করেছি।’ তিনি বলেন, ‘কৃষি বিভাগের লোকজন খেতে আসেন না। বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি খেতে এসে যে ওষুধ দিতে পরামর্শ দিয়েছেন, তা-ই প্রয়োগ করেছি। কিন্তু কোনো কিছুতে ফলন ভালো হলো না।’হাড়িয়া গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, ‘দুই বিঘা জমিতে গোলাপ ফুলের চাষ করেছি। কিন্তু ফুল আসেনি। সব গাছ বুড়িয়ে গেছে।’