বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বগুড়ায় বিপুলসংখ্যক লাল গোলাপ বিক্রি হয়েছে। ফুল ব্যবসায়ীরা এ তথ্য দিয়েছেন।
বগুড়া শহরের শহীদ খোকন পার্ক ঘেঁষে গড়া উঠেছে ফুলের বাজার। সেখানে ২৭টি ফুলের দোকান রয়েছে। এ বাজারে গত সোমবার পয়লা ফাল্গুন ও গতকাল বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। বাহারি ফুলের মধ্যে গতকাল বিক্রির শীর্ষে ছিল লাল গোলাপ।
গতকাল সকালে ফুলবাজারে সরেজমিনে দেখা গেছে, ফুলের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। ক্রেতাদের বেশির ভাগই তরুণ-তরুণী। প্রিয়জনকে উপহার দেবে বলে তাঁরা লাল গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জিপসি, রজনীগন্ধাসহ বাহারি ফুল কেনেন।
জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্বপ্নের ঠিকানা ফুলঘরের স্বত্বাধিকারী মন্টু মিয়া বলেন, বগুড়ার এই ফুলের বাজারে ২৭টি স্থায়ী দোকান রয়েছে। দোকানগুলোতে সারা বছরই ফুল বিক্রি হয়। তবে বিশ্ব ভালোবাসা দিবস কিংবা বসন্ত উৎসবের মতো বিশেষ দিবস ও উৎসব সামনে রেখে যশোরের গদাখালিসহ বিভিন্ন মোকাম থেকে হাজার হাজার ফুল আনা হয়। এবার প্রতিটি দোকানে গড়ে তিন থেকে চার হাজার লাল গোলাপ তোলা হয়।
গ্লাডিওলাস ও হাইব্রিড জাতের রজনীগন্ধা এসেছে প্রতিটি দোকানে গড়ে দুই হাজার করে। অন্য বছর দুপুরের মধ্যেই সব ফুল বিক্রি হয়ে যেত। কিন্তু মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রতিটি দোকানে গড়ে ৩০ শতাংশ ফুল অবিক্রীত রয়ে যায়।
ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ফুলবাজারে সারা বছর চায়না জাতের প্রতিটি লাল গোলাপ বিক্রি হতো পাঁচ টাকা করে। কিন্তু গতকাল সেই গোলাপ বিক্রি করা হয় ২০ থেকে ৩০ টাকা করে। পাঁচ টাকার গ্লাডিওলাস বিক্রি হয়েছে ১৫ থেকে ২০ টাকায়। অন্য ফুলগুলোও বেশি দামে বিক্রি হয়েছে।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ছাত্র সাব্বির নেওয়াজ বলেন, প্রতিবছর এই বিশেষ দিনের সুযোগ নিয়ে ফুলের দাম বাড়ানো হয়। এবারও পাঁচ টাকার লাল গোলাপ কিনতে হচ্ছে ৩০ টাকায়।
করতোয়া ফুলঘরের মালিক লক্ষ্মণ দাস বলেন, এবার যশোর পাইকারি মোকামে ১০০০ চায়না লাল গোলাপ কিনতে হয়েছে ১০ হাজার টাকায়। পাইকারি ব্যবসায়ীরা প্রতি হাজারে ১০০টি পর্যন্ত গোলাপ কম দিয়েছেন। সেই হিসাব অনুযায়ী, দাম পড়েছে ১১ হাজার টাকা। পরিবহন খরচ ছাড়াও কিছু ফুল নষ্ট হয়। এসব কারণে প্রতিটি লাল গোলাপের ক্রয়মূল্য পড়ে গড়ে ১৫ টাকা। গোলাপ ছাড়া অন্য ফুলে খুব একটা লাভ হয় না। ব্যবসাও হয় বছরের দু-একটি দিনেই।