গোলাভরা ধান মনভরা বিষাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর পাঁচ বিঘা জমিতে বোরোর আবাদ করতেন পাবনার বেড়া উপজেলার পায়না গ্রামের কৃষক মনোয়ার হোসেন। পর পর দুই বছর লোকসান হওয়ায় এবার আবাদ করেছিলেন মাত্র এক বিঘা জমিতে। পাঁচ গুণ বেশি দামে ধানের চারা কেনায় এবং তেল ও মজুরের দাম বৃদ্ধি পাওয়ায় এবার উৎপাদন খরচ বেড়েছে আরও বেশি। কিন্তু খরচ বাড়লেও ধানের দাম বাড়েনি। ফলে এবার লোকসানের পাল্লা গত দুই বছরের চেয়েও বেশি। মনোয়ার হোসেন হিসাব কষে বলেন, ‘এক বিঘা জমিতে সব মিলায়া খরচ হইছে প্রায় সাড়ে ১৪ হাজার টাকা। ধান পাইছি ২০ মণ। বাজারে ৬০০ টাকা দরে এর দাম ১২ হাজার টাকা। আমার লোকসান আড়াই হাজার টাকা। আগামী বছর ধান চাষ একেবারেই করব না।’

মনোয়ার হোসেন নিজের টাকায় নিজের জমিতে চাষ করেছিলেন। তাতেই তাঁর এমন লোকসান। আর যেসব প্রান্তিক কৃষক অন্যের জমি বর্গা অথবা পত্তন (ভাড়া) নিয়ে চাষ করেছেন, এবার তাঁদের একেবারে পথে বসার দশা।

উপজেলার হাতিগাড়া গ্রামের প্রান্তিক কৃষক মামুন মিয়া অন্যের কাছ থেকে আড়াই বিঘা জমি সাড়ে ১২ হাজার টাকায় পত্তন নিয়েছিলেন। তিনি ঠিক করেছিলেন চারা রোপণ থেকে বিক্রি পর্যন্ত আয়-ব্যয় সবই হিসাব করে রাখবেন। সম্প্রতি সব ধান বিক্রির পর হিসাব মেলাতে গিয়ে তাঁর ভিরমি খাওয়ার দশা। আড়াই বিঘায় সব মিলিয়ে তাঁকে লোকসান দিতে হয়েছে ১২ হাজার ৬৫০ টাকা।

প্রতি বিঘায় তাঁর যে খরচ হয়েছে, তা হলো জমির পত্তন (ভাড়া) বাবদ সাড়ে ১২ হাজার টাকা, চারা সাত হাজার টাকা, সার দুই হাজার ৭৫০ টাকা, কীটনাশক ও ভিটামিন এক হাজার ২০০ টাকা, সেচ খরচ আট হাজার টাকা, কামলা খরচ (চারা রোপণ, দুই দফা নিড়ানি, ধান কাটা) ১৩ হাজার ২০০, মাড়াই এক হাজার ৫০০ এবং পরিবহনসহ অন্যান্য খাতে ৫০০ টাকা। অর্থাৎ সব মিলিয়ে তাঁর খরচ হয়েছে ৪৬ হাজার ৬৫০ টাকা। তিনি মোট ধান পেয়েছেন প্রায় ৫০ মণ। হাটে ৬০০ টাকা মণ দরে এই ধান বিক্রি করে তিনি পেয়েছেন ৩০ হাজার টাকা। এ ছাড়া যে পরিমাণ খড় পেয়েছেন তার দাম হবে হাজার চারেক টাকা। অর্থাৎ প্রতি বিঘায় তাঁর লোকসান পাঁচ হাজার টাকারও বেশি।

মামুন মিয়া বলেন, ‘চিরকাল দেইখ্যা আসতেছি ধান ওঠার মৌসুমে কৃষকের ঘরে আনন্দ থাকে। কিন্তু সেই অবস্থা পাল্টায়া গেছে। এখন ধান কাটার মৌসুম মানেই কৃষকের দুঃসময়।’ খোঁজ নিয়ে জানা গেছে, যেসব দরিদ্র ও প্রান্তিক কৃষক চাষের খরচ জোগাতে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছেন, তাঁদের অবস্থা আরও খারাপ। অসহায় এসব কৃষকের প্রতি হাজার টাকার জন্য দাদন ব্যবসায়ীদের আসলসহ এক মণ করে ধান দিতে হচ্ছে।

কৃষকদের সংগঠন বেড়া কৃষি ক্লাবের সভাপতি এম আর এম ফিরোজ বলেন, ‘এ বছর ৬০০ টাকার চারা কিনতে হয়েছে চার থেকে পাঁচ হাজার টাকায়। তেলের দাম, কামলার দামসহ চাষের অন্যান্য খরচও বেড়েছে। অথচ ধানের দাম বাড়েনি। এ অবস্থায় যেকোনো সময়ের চেয়ে কৃষকদের এবারই সবচেয়ে বেশি লোকসান দিতে হচ্ছে।