গোলাম আযম একাত্তরে দলগতভাবে মন্ত্রিসভায় ছিলেন: রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার নবম দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। যুক্তিতে রাষ্ট্রপক্ষ বলেছে, একাত্তরে সামরিক সরকারের মন্ত্রিসভায় গোলাম আযম দলীয়ভাবে উপস্থিত ছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও সুলতান মাহ্মুদ। শারীরিক কারণে গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের আইনজীবী এস এম নাঈম কার্যক্রম মুলতবির আরজি জানান। তিনি বলেন, হরতালের জন্য আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা ট্রাইব্যুনালে আসতে পারেননি। ট্রাইব্যুনাল বলেন, হরতাল বাংলাদেশে খুব সাধারণ ঘটনা। এ জন্য অনুপস্থিতির কারণে মামলার কার্যক্রমে কোনো মুলতবি হবে না।এরপর গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম অভিযোগের (সিরু মিয়া দারোগাসহ ৩৮ জনকে হত্যা ও নির্যাতনের অভিযোগ) বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন সুলতান মাহ্মুদ। গত ২৭ ফেব্রুয়ারি এ অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় ছিল। তিনি আসামিপক্ষের সাক্ষ্য উল্লেখ করে বলেন, একাত্তরে গোলাম আযম পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) জাতিগত কাঠামো পরিবর্তন করতে চেয়েছিলেন। আসামিপক্ষের এ সাক্ষ্য থেকে বোঝা যায়, গোলাম আযম পাকিস্তানি সেনাদের চালানো গণহত্যাকে সমর্থন করেছিলেন।অভিযোগের বিষয়ে যুক্তি দেওয়া শেষ হলে আইনি বিষয়ে যুক্তি দেন জেয়াদ-আল-মালুম। তিনি বলেন, পাকিস্তানি সেনারা যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে সেসবের পরিকল্পনা ও ষড়যন্ত্রের সঙ্গে গোলাম আযম জড়িত ছিলেন। পূর্ব পাকিস্তান জামায়াতের আমির হিসেবে ঊর্ধ্বতন অবস্থানে থাকার জন্য তিনি সরাসরি এসব অপরাধ সংঘটনে নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট ছিলেন। তাঁর নির্দেশে শান্তি কমিটি, রাজাকার বাহিনী, আলবদর, আলশামস প্রভৃতি বাহিনী নিয়ন্ত্রিত হতো।একপর্যায়ে ট্রাইব্যুনাল প্রশ্ন করেন, একাত্তরে সামরিক সরকার বিভিন্ন কমিটি গঠন করেছিল। তেমন কোনো কমিটিতে কি গোলাম আযম ছিলেন? জবাবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, আলাদা করে কোনো কমিটিতে ছিলেন না, তবে তিনি দলগতভাবে মন্ত্রিসভায় ছিলেন। সামরিক সরকারের মন্ত্রিপরিষদে জামায়াতের দুই সদস্যকে পাঠানো হয়, তিনি (গোলাম আযম) তাঁদের মনোনয়ন দিয়েছিলেন। আলাদা করে তাঁর আর থাকার দরকার নেই। তিনি দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে পাকিস্তানের নীতিনির্ধারণী মহলের সঙ্গে বৈঠক করেছেন, পূর্ব পাকিস্তানের গভর্নর টিক্কা খান থেকে শুরু করে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠক করেছেন।যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় বিকেলে মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।