গোলাম আযম ও মীর কাসেমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সবাইকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। জেলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করে মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ সদর উপজেলা কমান্ড।সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে। পরে সেখানে সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলার কমান্ডার মুক্তিযোদ্ধা ওবায়েদুল ইসলাম। বক্তব্য দেন ডেপুটি কমান্ডার সাহাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা, জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, খন্দকার ফারুক হাসান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করতে হবে। পরে তাঁরা যুদ্ধাপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারসহ সাত দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।