গোলাম আযম কারাগারে মুন্সিগঞ্জে স্বস্তি, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে কারাগারে পাঠানোয় গতকাল বুধবার মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় স্বস্তি প্রকাশ করে মানববন্ধন হয়েছে। এ সময় যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত বাস্তবায়নেরও দাবি জানানো হয়।একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে গোলাম আযমকে কারাগারে পাঠানোয় শ্রীনগর, লৌহজং ও সিরাজদীখান উপজেলায় মানববন্ধন হয়েছে। গতকাল সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের ছনবাড়ী পয়েন্ট ঘিরে মানববন্ধনে বিভিন্ন পেশার অসংখ্য মানুষ অংশ নেন। মানবতাবিরোধীদের বিচারের দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন তাঁদের হাতে শোভা পায়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা। বিকেলে লৌহজং উপজেলার ঘোড়দৌড়ে উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনের প্রধান সড়কে আরেকটি বিশাল মানববন্ধন হয়। বালিগাঁও-মাওয়া-ঢাকা সড়কের দুই পাশে হাতে হাত ধরে মানুষ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে এক পথসভায় বক্তব্য দেন স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির আবদুল হামিদ, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ মোড়ল, রশিদ শিকদার, মেহেদী হাসান, আলমগীর কবির খান প্রমুখ।বিকেলে সিরাজদীখান উপজেলার নিমতলা পয়েন্টেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। এখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল আলম খান, আবুল কাসেম প্রমুখ।