গোলাম আযম কার্ডিয়াক আইসিইউতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম আযম
গোলাম আযম

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হৃদরোগের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (কার্ডিয়াক আইসিইউ) চিকিৎসাধীন।

বিএসএমএমইউর পরিচালক আবদুল মজিদ ভুইয়া প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার বিকেল থেকে গোলাম আযমের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। তবে তিনি সংকটাপন্ন নন। তাঁর রক্তচাপ কমে যাচ্ছে কিন্তু হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে। ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসার চেষ্টা চলছে।

এদিকে সুপ্রিম কোর্টে দণ্ডাদেশের বিরুদ্ধে করা গোলাম আযমের আপিলের বিষয়ে শুনানি হবে আগামী ২ ডিসেম্বর।

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১৫ জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর অপরাধ মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে এই দণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে ও খালাস চেয়ে ওই বছরের ৫ আগস্ট আপিল করেন গোলাম আযম। আর সর্বোচ্চ শাস্তি চেয়ে গত বছরের ১২ আগস্ট রাষ্ট্রপক্ষ আপিল করে।