গোলাম আযম মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ ষষ্ঠ দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে। রাষ্ট্রপক্ষ যুক্তিতে বলেছে, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটনে পাকিস্তানি সেনাদের সঙ্গে গোলাম আযম সম্পৃক্ত ছিলেন।বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। গতকাল তিনি গোলাম আযমের বিরুদ্ধে গঠিত চতুর্থ অভিযোগের (দুষ্কর্মে সহযোগিতা) বিষয়ে যুক্তি দেন।সুলতান মাহ্মুদ বলেন, একাত্তরের ৪ মার্চ অবরুদ্ধ বাংলাদেশের সামরিক আইন প্রশাসক টিক্কা খানের সঙ্গে গোলাম আযমসহ ১২ সদস্যের একটি দল দেখা করে। ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা ‘অপারেশন সার্চলাইট’ নামের নৃশংস গণহত্যা চালানোর মাত্র নয় দিনের মাথায় টিক্কা খানের সঙ্গে বৈঠকে গোলাম আযমের উপস্থিতি শুধু গণহত্যায় তাঁর সম্মতি প্রকাশ করে না, বরং ওই বৈঠকে তিনি পাকিস্তানি সেনাদের ‘পূর্ণ সহযোগিতার আশ্বাস’ দেন। দুই দিন পর টিক্কা খানের সঙ্গে আবার গোলাম আযমের বৈঠক হয়, যাতে তিনি দেশে ‘স্বাভাবিক অবস্থা’ ফিরিয়ে আনতে পাকিস্তানি সেনাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। ফলে এটা স্পষ্ট যে, একাত্তরে পাকিস্তানি সেনারা যে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাতে গোলাম আযমের সম্পৃক্ততা ছিল।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, একাত্তরের ৯ এপ্রিল খাজা খয়েরউদ্দিনকে আহ্বায়ক করে গঠিত ১৪০ সদস্যের শান্তি কমিটিতে গোলাম আযমের অবস্থান ছিল তৃতীয়। শান্তি কমিটি গঠনের উদ্দেশ্য ছিল মানবতাবিরোধী অপরাধ সংঘটনে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করা। এভাবে শান্তি কমিটি গঠন ও স্থানীয় পর্যায়ে শান্তি কমিটি পরিচালনার মাধ্যমে গোলাম আযম অপরাধ সংঘটনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।সুলতান মাহ্মুদ বলেন, একাত্তরের ১৮ জুন লাহোর বিমানবন্দরে গোলাম আযম সাংবাদিকদের বলেন, পূর্ব পাকিস্তানের (বাংলাদেশের তর‌্যাকালীন নাম) অবস্থার উন্নয়নে সম্ভাব্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা করবেন। ১৯ জুন ইয়াহিয়ার সঙ্গে আলোচনার সূত্র ধরে গোলাম আযম সাংবাদিকদের বলেন, পাকিস্তানের অখণ্ডতায় যাঁরা বিশ্বাস করেন, তাঁদের অস্ত্র সরবরাহের জন্য তিনি সরকারের কাছে আরজি জানিয়েছেন। এখানে পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাসী ব্যক্তি বলতে জামায়াত, শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস, আল মুজাহিদ প্রভৃতি সহযোগী বাহিনীকে বোঝানো হয়েছে। এ বক্তব্যের মধ্যে দিয়ে পাকিস্তান সরকার ও পাকিস্তানি সেনাদের সঙ্গে তাঁর যোগসূত্র স্পষ্ট হয়ে ওঠে।একাত্তরের ২২ জুন প্রকাশিত কয়েকটি পত্রিকার প্রতিবেদন উল্লেখ করে কৌঁসুলি বলেন, ২১ জুন লাহোরে জামায়াত সদস্যদের উদ্দেশে বক্তব্যে গোলাম আযম পাকিস্তানি সেনাদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, পাকিস্তানের অখণ্ডতা রক্ষা এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনের জন্য সেনাদের হস্তক্ষেপ ছাড়া উপায় ছিল না। লাখ লাখ মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনারা ‘দেশকে রক্ষা’ করেছে, আর গোলাম আযম তাতে সমর্থন দিয়েছেন। ২৬ আগস্ট পেশোয়ারে গোলাম আযমের সংবাদ সম্মেলনের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ওই দিন গোলাম আযম বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহীদের ‘মিরজাফরি’ ও ভারতের দুরভিসন্ধি থেকে সশস্ত্র বাহিনী পূর্ব পাকিস্তানকে রক্ষা করেছে।গতকাল চতুর্থ অভিযোগের ১৩টি ঘটনার ওপর যুক্তি উপস্থাপন শেষ হয়। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষ আবার যুক্তি দেবে।