গোলাম আযমকে গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন কবি-সাহিত্যিক-শিল্পী ও পেশাজীবীরা। এ সময় গোলাম আযমের একটি কুশপুত্তলিকা পোড়ানো হয়।মানববন্ধনের পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুটি টেলিভিশন চ্যানেলে গোলাম আযমের দীর্ঘ সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। এতে গোলাম আযম নিজেকে নির্দোষ দাবি করে মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনাকে অপমানিত করে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। তাঁর ওই সাক্ষাৎকার প্রচার করে স্বাধীন রাষ্ট্র ও মুক্তিযোদ্ধাদের খাটো করা হয়েছে।সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধের অভিযোগে গোলাম আযমকে অবিলম্বে গ্রেপ্তার ও তাঁকে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান।সমাবেশে বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, নারীনেত্রী নূরজাহান খান, মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, কবি কামরুল হাসান প্রমুখ।