গোলাম আযমকে ধর্মীয় বই সরবরাহ করতে আবারও আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইস-লামীর সাবেক আমির গোলাম আযমকে পবিত্র কোরআনসহ কয়েকটি ধর্মীয় বই সরবরাহের জন্য আবারও আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এ আদেশ দেন।ট্রাইব্যুনাল বলেন, এক মাস পরও আদেশ পালন না করায় মনে হচ্ছে, কারা কর্তৃপক্ষ ট্রাইব্যুনালের আদেশকে অসম্মান করেছেন, যা অনভিপ্রেত। লিখিত আদেশ পাওয়ার দুই দিনের মধ্যে কারা কর্তৃপক্ষকে বইগুলো সরবরাহ করতে হবে। আদেশ পালনের বিষয়টি লিখিতভাবে ট্রাইব্যুনালকে জানাতে হবে।আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম গত বুধবার ট্রাইব্যুনালকে জানান, ১৩ মে ট্রাইব্যুনালের আদেশের পরিপ্রেক্ষিতে গোলাম আযমের পরিবারের সদস্যরা তাঁকে সরবরাহের জন্য বইগুলো কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন। কিন্তু এক মাস পরও বইগুলো আসামিকে সরবরাহ করা হয়নি।গতকাল আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল ১৩ মে কারা কর্তৃপক্ষকে গোলাম আযমকে পবিত্র কোরআন, হাদিস, তাফসির ও মহানবীর (সা.) জীবনীগ্রন্থ সরবরাহের নির্দেশ দেন। কিন্তু তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, এক মাস হয়ে গেলেও কারা কর্তৃপক্ষ বইগুলো আসামিকে সরবরাহ করেনি, যা ট্রাইব্যুনালের আদেশ লঙ্ঘন করেছে। ট্রাইব্যুনাল বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুমকে কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার নির্দেশ দেন। তিনি (মালুম) জানান, কারা কর্তৃপক্ষ কারাবিধি অনুসারে বইগুলো সরবরাহের বিষয়ে মতামত চাইতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছে, এ জন্য সেগুলো সরবরাহ করা যায়নি।আদেশে বলা হয়, এক মাস অতিবাহিত হলেও ট্রাইব্যুনালের আদেশ পালন করা হয়নি। ট্রাইব্যুনালের মনে হচ্ছে, কারা কর্তৃপক্ষ ট্রাইব্যুনালের আদেশকে অসম্মান করেছে, যা অনভিপ্রেত। তবে প্রথমবারের মতো এ ঘটনা ঘটায় ট্রাইব্যুনাল এ প্রসঙ্গে আর কোনো আদেশ দিচ্ছেন না।গোলাম আযমের বিরুদ্ধে ১৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে আটক রয়েছেন। ২৪ জুন তাঁর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম ও ষষ্ঠ সাক্ষীকে আবারও জেরা: একই ট্রাইব্যুনালে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মাহাবুবুল আলম হাওলাদার ও ষষ্ঠ সাক্ষী মানিক পসারিকে গতকাল আবারও জেরা করেছে আসামিপক্ষ। তাঁদের আবার জেরা করতে আসামিপক্ষের আবেদন ৩ জুন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম প্রথম সাক্ষীকে তিনটি এবং ষষ্ঠ সাক্ষীকে ১২টি প্রশ্ন করেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির ‘একুশের চোখ’ নামের একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষীদের সাক্ষাৎকার ও মামলার আলামত নিয়ে এসব প্রশ্ন করা হয়। এ ছাড়া এই মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকেও গতকাল জেরা করে আসামিপক্ষ।