গোলাম আযমকে বাবা বলে দাবি করেছেন এক নারী
গোলাম আযমকে বাবা বলে দাবি করেছেন এক নারী। তাঁর সঙ্গে দেখা করতে গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালকের কাছে আবেদন করেন ওই নারী। তবে গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি বলেছেন, ওই নারী তাঁর বোন নন।হাসপাতাল সূত্র জানায়, বিএসএমএমইউর কারাকক্ষে বন্দী গোলাম আযমের সঙ্গে দেখা করতে সকালে আজমিয়া সুলতানা নামের এক নারী হাসপাতালের পরিচালকের কাছে আবেদন করেন। তিনি দাবি করেন, গোলাম আযম তাঁর বাবা। পরিচালকের কক্ষ থেকে বের হওয়ার পর আজমিয়ার সঙ্গে দেখা হয় আব্দুল্লাহিল আমান আজমির। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।আব্দুল্লাহিল আজমি প্রথম আলোকে বলেন, ওই নারীর সঙ্গে তাঁর জীবনে প্রথম দেখা হয়েছে গতকালই। ওই নারী দাবি করেছেন, জেলখানায় বন্দী বৃদ্ধ ভদ্রলোকের (গোলাম আযম) নাম সাদেকুর রহমান এবং তিনি তাঁর বাবা। ওই নারীর দাবি অনুযায়ী তাঁর বাড়ি সিরাজগঞ্জে।আব্দুল্লাহিল আমান আজমি বলেন, ‘আমি বললাম, গোটা দুনিয়া জানে, ওই ভদ্রলোকের নাম গোলাম আযম এবং তিনি আমার বাবা। গোলাম আযমের ছয় ছেলে, কোনো মেয়ে নেই।’বিএসএমএমইউর পরিচালক আবদুল মজিদ ভুঁইয়া বলেন, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে লেখিকা পরিচয় দিয়ে একজন নারী তাঁর সঙ্গে দেখা করতে চান। অনুমতি দেওয়ার পর ওই নারী এসে বলেন, গোলাম আযম তাঁর বাবা এবং তিনি তাঁর সঙ্গে দেখা করতে চান।পরিচালক বলেন, ‘আমি বললাম, গোলাম আযমের সঙ্গে দেখা করতে দেওয়ার এখতিয়ার হাসপাতাল কর্তৃপক্ষের নেই। এর এখতিয়ার কারা কর্তৃপক্ষের।’দরখাস্তে আজমিয়া তাঁর বাসা মিরপুরে উল্লেখ করেন। প্রত্যক্ষদর্শীদের মতে তাঁর বয়স ৪০-এর মতো।