মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম। গতকাল সোমবার দুপুরে তাঁর আইনজীবী আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় খালাস চেয়ে আপিল করেন।গত ১৫ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ওই মামলায় রায় ঘোষণা করেন। এর ২১ দিনের মাথায় আপিল করলেন গোলাম আযম।ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রধান সমন্বয়কারী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, গোলাম আযমের অপর্যাপ্ত সাজার রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে।আপিল করার পর গোলাম আযমের আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ৯০ বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করা হয়েছে। আপিলে মোট ১০৯টি যুক্তি দেওয়া হয়েছে। মূল আপিল ৯৫ পৃষ্ঠার। সঙ্গে সাড়ে নয় হাজার পৃষ্ঠার নথিপত্র দাখিল করা হয়েছে। সাজা ঘোষণার পক্ষে কোনো তথ্যপ্রমাণ ও আইনি যুক্তি নেই। তিনি বলেন, ‘রায়ে বলা হয়েছে টিক্কা খানের সঙ্গে গোলাম আযম দেখা করেছেন ও বক্তব্য দিয়েছেন। দেখা করে কী করেছেন, সে বিষয়ে রাষ্ট্রপক্ষ কোনো বিবরণ দেয়নি। তাই সাজা হতে পারে না। বক্তব্য দেওয়ার কারণে অপরাধের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা প্রমাণ হয় না। আমরা মনে করি, যেসব কারণে তাঁকে সাজা দেওয়া হয়েছে তার কোনো যৌক্তিকতা নেই।’গোলাম আযমের অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে মৃত্যুদণ্ড না দিয়ে ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হয় বলে ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন। আদেশে ট্রাইব্যুনাল বলেন, আসামি গোলাম আযমকে প্রথম (ষড়যন্ত্র) ও দ্বিতীয় (পরিকল্পনা) অভিযোগে ১০ বছর করে ২০ বছর কারাদণ্ড, তৃতীয় (উসকানি) অভিযোগে ২০ বছর কারাদণ্ড, চতুর্থ (সহযোগিতা) অভিযোগে ২০ বছর কারাদণ্ড এবং পঞ্চম (সিরু মিয়া হত্যাকাণ্ড) অভিযোগে ৩০ বছর কারাদণ্ড দেওয়া হলো। কারাদণ্ডের প্রতিটি শাস্তি ধারাবাহিকভাবে একটির পর একটি বা মৃত্যু পর্যন্ত চলবে।এ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের ছয়টি মামলার রায় হয়েছে। এর মধ্যে গোলাম আযমসহ চারটি রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের রায় অপেক্ষমাণ রয়েছে। যেকোনো দিন রায় ঘোষণা করা হবে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের সারসংক্ষেপ ১৭ সেপ্টেম্বরের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। দলটির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানির জন্য ১৭ সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে।গত ১৭ জুলাই জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-২। তাঁর ক্ষেত্রে ১৭ আগস্ট আপিলের ৩০ দিন সময়সীমা শেষ হচ্ছে।