গোলাম আযমের আপিল শুনানি দিন ধার্যের জন্য তালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য কার্যতালিকায় এসেছে। আগামীকাল বুধবারের কার্যতালিকায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানির দিন ধার্য বিষয়ে আদেশ প্রদানের জন্য বিষয়টি ১ নম্বর ক্রমিকে রয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে। 

বেঞ্চের অপর চার বিচারপতি হলেন—বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

আজ মঙ্গলবার সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির দিন ধার্যের জন্য কার্যতালিকায় এসেছে। দিন ধার্য হলে আপিলের ওপর শুনানি শুরু হবে।
গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ১৫ জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর অপরাধ মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে মৃত্যুদণ্ড না দিয়ে ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ওই বছরের ৫ আগস্ট আপিল করেন গোলাম আযম। তবে ওই দণ্ডাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে গত বছরের ১২ আগস্ট রাষ্ট্রপক্ষ আপিল করে।
রায়ে সন্তুষ্ট আ.লীগ, হতাশ শরিকেরা
মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের দেওয়া সাজার বিরুদ্ধে করা আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। তবে দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের শুনানি শেষে ১৭ সেপ্টম্বর আপিল বিভাগ রায় অপেক্ষমাণ রাখেন।
গত ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন আপিল বিভাগ। গত বছরের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের দায়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেন আপিল বিভাগ। এ দণ্ড গতবছর ১২ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর হয়।
এ ছাড়া আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা আবদুল আলীম আপিল করলেও তিনি মৃত্যুবরণ করায় তাঁর করা আপিল ১৬ সেপ্টেম্বর বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ।