গোলাম আযমের ছেলেকে জেরা চলছে
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের প্রথম সাক্ষী আবদুল্লাহহিল আমান আযমীকে গতকাল বৃহস্পতিবার জেরা করেছে রাষ্ট্রপক্ষ। আযমী সাবেক সেনা কর্মকর্তা ও গোলাম আযমের ছেলে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল আযমীকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। শারীরিক কারণে গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। জেরায় হায়দার আলী প্রশ্ন করেন, সেনাবাহিনী থেকে কোনো কর্মকর্তা বা সদস্যকে বরখাস্ত করা হলে বরখাস্তের আদেশে কি সংশ্লিষ্ট আইনের উল্লেখ থাকে? আযমী বলেন, হ্যাঁ, সাধারণত থাকে। তাঁর বরখাস্ত-সংক্রান্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আইনের ধারা উল্লেখ আছে। সেনাসদর থেকে একটি চিঠির মাধ্যমে তা তাঁকে জানানো হয়। অপরাধ ছাড়া সেনাবাহিনী থেকে এ ধরনের বরখাস্ত নজিরবিহীন।২০০৯ সালের ২৩ জুন আমান আযমীকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়।একাত্তরের ৪ এপ্রিল পূর্ব পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার (টিক্কা খান) সঙ্গে গোলাম আযমসহ অন্য নেতাদের বৈঠকের কথা কবে জেনেছেন—এমন প্রশ্নের জবাবে আযমী বলেন, পরে জেনেছেন। ওই সভায় কী বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, তা ওই সভায় উপস্থিত ব্যক্তিরা ছাড়া কেউ জানেন না।হায়দার আলী প্রশ্ন করেন, ‘আপনার পিতার রাজনৈতিক আদর্শে কি আপনি বিশ্বাস করেন?’ জবাবে আযমী বলেন, ‘আমি এ বিষয়ে মত দিতে বাধ্য নই।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।হায়দার আলী প্রশ্ন করেন, মুক্তিযুদ্ধ চলাকালে গোলাম আযম কয়বার পাকিস্তানে গিয়েছিলেন? আযমী বলেন, মুক্তিযুদ্ধকালে তাঁর বাবা একাধিকবার পাকিস্তানে গেছেন। যেহেতু তিনি পূর্ব পাকিস্তান জামায়াতের আমির ছিলেন, সেজন্য তাঁকে লাহোরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে শুরার বৈঠকে যেতে হতো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরের ৪ ডিসেম্বর গোলাম আযম শ্রীলঙ্কা হয়ে সৌদি আরব গিয়েছিলেন, কারণ কারিগরি ত্রুটির জন্য বিমান ঢাকায় অবতরণ করতে পারেনি।জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়।