গোলাম আযমের ছোট ছেলে যুক্তরাজ্যপ্রবাসী মোমেন আজমির বিরুদ্ধে ওমরাহ্ হাজীদের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারণার মামলা করেছেন ম্যানচেস্টার শহরের বাসিন্দা নাসির খান। নাসির খান ম্যানচেস্টারের হাইড মার্কেট স্ট্রিটের ‘ইজি সলিউশন’ নামের ট্রাভেলস ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক।গত শনিবার লন্ডনে নাসির খান সংবাদ সম্মেলনে জানান, তিনি ৮৮ জন মুসল্লির ওমরাহ্ পালনের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছিলেন। মোমেন আজমি এ সংবাদ পেয়ে তাঁকে একটি ভালো ব্যবসায়িক প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী নাসির খান দুই দফায় মোমেন আজমির ‘কসম ট্রাভেলস’-এ নয় হাজার পাউন্ড জমা দেন। প্রাথমিকভাবে এ অর্থ জমা দেওয়ার পর মোমেন আজমি নাসির খানকে লিবিয়ান এয়ারলাইন্সের টিকিট নিশ্চিতকরণ-সংক্রান্ত ‘বুকিং রেফারেন্স’ দেন। এরপর চুক্তি অনুযায়ী নাসির খান টিকিটের মূল্য বাবদ দুই কিস্তিতে আরও সাত হাজার ও ১০ হাজার ৮০০ পাউন্ড পরিশোধ করেন।কিন্তু পরে লিবিয়ান এয়ারলাইন্সের ওয়েবসাইটের বুকিং রেফারেন্সের সঙ্গে আজমির দেওয়া বুকিং রেফারেন্সের কোনো মিলই খুঁজে পাননি নাসির খান। তিনি আজমির কাছে এই গরমিলের কারণ জানতে চান। আজমি জানান, এটি কম্পিউটার ভাইরাসের কারণে হয়ে থাকতে পারে। নাসির খান পরে লিবিয়ান এয়ারলাইন্সে ফোন করে আজমির প্রতারণার বিষয়ে নিশ্চিত হন।অনুসন্ধানে দেখা গেছে, প্রকৃত অর্থে আজমি লিবিয়ান এয়ারলাইন্সের টিকিট বুকিংয়ের ফরম্যাট জালিয়াতি করে নাসির খানের গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমঝোতায় আজমি দোষ স্বীকার করেন এবং ২৬ হাজার পাউন্ডের একটি চেক নাসির খানকে ফেরত দেন। কিন্তু ওই চেক ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়।এ বিষয়ে মোমেন আজমির সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে একাধিকবার টেলিফোনে যোগাযোগ করে ভয়েস মেইল রাখা হলেও তাঁর কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। সমঝোতা অনুযায়ী ২২ জুলাই, ১৫ আগস্ট ও ৩১ আগস্ট—তিন কিস্তিতে মোট ২৬ হাজার পাউন্ড পরিশোধের কথা থাকলেও আজমি প্রথম কিস্তি পরিশোধের সময় কান্নাজড়িত কণ্ঠে অর্থ পরিশোধ করতে পারবেন না বলে জানান এবং তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান কসম ট্রাভেলস বন্ধ করে দেন। এ অবস্থায় নাসির খান আইনি সহায়তা চেয়ে আজমির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা করেন।