প্রতিরোধের ডাক দুই সংগঠনের।জানাজার নামাজ কে পড়াবেন ঠিক হয়নি
গোলাম আযমের জানাজা আজ বায়তুল মোকাররমে

মানবতাবিরোধী অপরাধী গোলাম আযমের জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে করবে বলে জানিয়েছে তাঁর পরিবার।
গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটায় সাংবাদিকদের জানান, আজ শনিবার বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর মগবাজারের কাজি অফিস লেনের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তবে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান গত রাতে জানিয়েছেন, যুদ্ধাপরাধী গোলাম আযমের জানাজা জাতীয় মসজিদে হতে দেওয়া হবে না। এটা প্রতিহত করা হবে।
বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে বায়তুল মোকাররমের সামনে গিয়ে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করবে তারা।
গত রাত নয়টার দিকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, বিশ্ব ইসলামি আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি জানাজায় শরিক হওয়ার চেষ্টা করছেন। জানাজার নামাজ কে পড়াবেন, তা শনিবার (আজ) চূড়ান্ত করা হবে।
এর আগে গতকাল বেলা তিনটার দিকে গোলাম আযমের চতুর্থ ছেলে আবদুল্লাহিল আমান আযমী সাংবাদিকদের বলেছিলেন, গোলাম আযমের প্রথম অছিয়ত ছিল, তাঁর বড় ছেলে আবদুল্লাহিল মামুন আল আযমী জানাজা পড়াবেন। মৃত্যুর আগে বলেছিলেন, বড় ছেলের পক্ষে সম্ভব না হলে মতিউর রহমান নিজামী অথবা দেলাওয়ার হোসাইন সাঈদী যেন জানাজা পড়ান।
অবশ্য গোলাম আযমের এই শেষ ইচ্ছা নিয়ে বিতর্ক উঠেছে। কারণ, নিজামী ও সাঈদী দুজন মানবতাবিরোধী অপরাধের দায়ে কারাগারে আছেন।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা ও গণহত্যার প্রতীক গোলাম আযম গত বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে।
সুরতহাল ও ময়নাতদন্ত: পুলিশ ও কারাগার সূত্র জানায়, রাত দুইটায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসান ও শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলম সরকার কারারক্ষীদের সহযোগিতায় বিএসএমএমইউর ডি ব্লকের দ্বিতীয় তলায় আইসিইউর একটি বিছানায় গোলাম আযমের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় তাঁর ছেলে আবদুল্লাহিল আমান আযমী উপস্থিত ছিলেন।
সুরতহাল প্রতিবেদনে বলা হয়, গোলাম আযমের কয়েদি নম্বর ৪৫৫৯/এ। তাঁর বয়স ৯২ বছর। গোলাম আযমের উভয় পায়ের তালু ও নখ স্বাভাবিক। বাঁ পায়ের গোড়ালির ওপর পুরোনো ছোট কালো দাগ ও বাঁ হাঁটুতে পুরোনো সাদা দাগ রয়েছে। তাঁর বুক, পেট ও পিঠ স্বাভাবিক।
রাত তিনটার দিকে কারা কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেসে গোলাম আযমের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। শুক্রবার সকাল সাতটায় দুই সদস্যের মেডিকেল বোর্ড লাশের ময়নাতদন্ত করে। মর্গ সূত্র জানায়, গোলাম আযমের পাকস্থলীর ভিসেরা পরীক্ষার জন্য মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে এবং হৃদ্যন্ত্র ও যকৃৎ ঢাকা মেডিকেল কলেজের হিস্টোপ্যাথলজিক্যাল পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত শেষে গতকাল সকাল সাতটা ২০ মিনিটে গোলাম আযমের মরদেহ তাঁর ছেলের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। এরপর পৌনে আটটার দিকে স্বজনেরা একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ মগবাজারের বাসায় নিয়ে যান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. ফরমান আলী প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শুরু হওয়ার আগে গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী কারা কর্তৃপক্ষের কাছে তাঁর বাবার লাশ হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন করেন। সেই অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হয়।
শীতাতপনিয়ন্ত্রিত গাড়িতে মরদেহ: বাসায় গোসল শেষে মরদেহ একটি শীতাতপনিয়ন্ত্রিত লাশবাহী গাড়িতে রাখা হয়। রাতেও মরদেহ ওই গাড়িতে ছিল।
সকাল থেকেই গাড়িতে রাখা গোলাম আযমের মরদেহ আত্মীয়স্বজন, দলীয় নেতা-কর্মী-সমর্থকেরা শেষবারের মতো দেখেন। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, হামিদুর রহমান আযাদ, নুরুল ইসলাম (বুলবুল), জসিম উদ্দিন সরকার, মুজিবুর রহমান, সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা দিনের বিভিন্ন সময় গোলাম আযমের বাসায় যান। তবে তাঁরা বেশি সময় সেখানে থাকেননি। তাঁদের বেশির ভাগই আত্মগোপনে ছিলেন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের দুপুরে সাংবাদিকদের বলেন, তাঁরা আবদুল কাদের মোল্লার জানাজা ও দাফনের মতো গোলাম আযমের জানাজা নিয়েও সরকারের পক্ষ থেকে একই ধরনের আচরণের আশঙ্কা করছেন। তিনি কোনো ধরনের হঠকারী পথে না যাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বাড়তি নিরাপত্তা: গোলাম আযমের মরদেহ বাসায় নেওয়ার পর ওই এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সকালে পুলিশ মগবাজার কাজি অফিস লেনের সব গলির মুখে অবস্থান নিয়ে আশপাশের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় শুধু পায়ে হেঁটে লোকজন চলাচল করে। ওই এলাকায় সাদাপোশাকে বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে দেখা যায়। সন্ধ্যায় আবদুল্লাহিল আমান আযমী সাংবাদিকদের কাছে জানাজা ও দাফনের বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত জানানোর পর দর্শনার্থীদের ভিড় কমে যায়। এরপর গলিমুখগুলো যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, গোলাম আযমের মরদেহ বাসায় নেওয়ার পর তাঁর দলের নেতা-কর্মীদের ঢল নামতে পারে, এমন আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। তবে নেতা-কর্মীদের সে রকম চাপ ছিল না।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোর কাছে দাবি করেন, ‘প্রতিকূল পরিবেশের মধ্যেও গতকাল হাজার হাজার মানুষ জমায়েত হয়েছেন। সরকার ষড়যন্ত্র না করলে আজ জানাজায় লাখো মানুষ শরিক হবেন।’
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে গোলাম আযমকে ৯০ বছরের সাজা দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল রায়ে বলেছিলেন, তাঁর অপরাধ ছিল মৃত্যুদণ্ডযোগ্য। কিন্তু বয়স বিবেচনা করে তাঁকে ৯০ বছরের সাজা দেওয়া হয়। সেই সাজা ভোগরত অবস্থায় মারা যান তিনি।