গোলাম আযমের জামিনের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের জামিনের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনাল গতকাল বুধবার এ আদেশ দেন।আদেশে বলা হয়, আসন্ন পবিত্র রমজান মাসে জামিনের জন্য আসামি যে আবেদন করেছেন, তাতে জামিন দেওয়ার পর্যাপ্ত ভিত্তি পাওয়া যায়নি। গত বছরের ১ আগস্ট জামায়াতের আমির মতিউর রহমান নিজামীও একই কারণে জামিনের আবেদন করলে তা খারিজ করা হয়েছিল। রমজান মাসে জামাতে তারাবির নামাজ পড়া এবং এহেতকাফ পালনের বিষয়ে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ যদি মনে করে, তবে এর ব্যবস্থা করতে পারে। গোলাম আযমের বর্তমান শারীরিক অবস্থা রোজা ও এহেতকাফ পালনের উপযুক্ত কি না, তা ট্রাইব্যুনালের জানা নেই। এ জন্য ট্রাইব্যুনাল এ বিষয়ে মন্তব্য করতে চান না। তবে এ বিষয়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ হলো, এগুলো জামিনের কোনো ভিত্তি হতে পারে না।গত মঙ্গলবার এই জামিন আবেদনের শুনানি হয়। শুনানিতে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক রমজান মাসের জন্য গোলাম আযমের জামিন চান। এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম।সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তার জেরা: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আজ বৃহস্পতিবারও তাঁকে জেরা করা হবে।ক্যামেরা ট্রায়ালে এক নারীর সাক্ষ্য গ্রহণ শেষ: এদিকে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে এক নারীর সাক্ষ্য গ্রহণ গতকাল শেষ হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত মঙ্গলবার রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে তিনি ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে জবানবন্দি দেন। পরে তাঁকে জেরা শুরু করে আসামিপক্ষ। এই জেরা গতকাল শেষ হয়। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ জুলাই দিন ধার্য করা হয়েছে।মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ এটিই প্রথম।