গোলাম আযমের দুই আবেদনই খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি স্থানান্তর এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল সোমবার আবেদন দুটি খারিজ করে আদেশ দেন।আদেশে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১(এ) ধারা অনুসারে এক ট্রাইব্যুনাল থেকে আরেক ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের দুটি পদ্ধতি রয়েছে। প্রথমত, রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি মামলা স্থানান্তরের আবেদন করতে পারেন। দ্বিতীয়ত, ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে মামলা স্থানান্তর করতে পারেন। আইনে আসামিপক্ষকে এই আবেদন করার এখতিয়ার দেওয়া হয়নি। ট্রাইব্যুনালের নিজ ক্ষমতাবলে মামলা স্থানান্তরের ক্ষেত্রে তিনটি শর্ত রয়েছে। এগুলো হলো: মামলা স্থানান্তর যদি ন্যায্য হয়, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য এবং ন্যায়বিচারের স্বার্থে। মামলাটি স্থানান্তর কেন ন্যায্য হবে তা আসামিপক্ষের আবেদনের কোথাও বলা হয়নি। দ্রুত নিষ্পত্তির জন্য এই মামলাটি স্থানান্তর করার যৌক্তিকতা নেই। কেননা দুটি ট্রাইব্যুনালেই চারটি করে মামলা বিচারাধীন রয়েছে। অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ট্রাইব্যুনাল কেন মামলাটি স্থানান্তর করবে, সে বিষয়েও আবেদনে কিছু বলা হয়নি।আদেশে আরও বলা হয়, মামলা স্থানান্তরের আবেদনের বেশে এটি আসলে ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে রিকিউজালের (বিচারকাজ থেকে স্বেচ্ছায় বিরত থাকা) আবেদন। আবেদনে বলা হয়েছে, ১৯৯২ সালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত গণ-আদালত গোলাম আযমের মৃত্যুদণ্ড দেয়, যার রায় কার্যকর করতে আইনজীবী সমন্বয় পরিষদ সরকারের কাছে দাবি জানায়। ১৯৯২ সালের ১১ এপ্রিল দৈনিক সংবাদ-এর প্রতিবেদন অনুসারে, ১০ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে আইনজীবী সমন্বয় পরিষদের ওই সভায় এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ওই সভায় তিনি কী ভূমিকা রেখেছিলেন, সে বিষয়ে কিছুই ওই প্রতিবেদনে উল্লেখ নেই। ট্রাইব্যুনালের চেয়ারম্যানের রিকিউজালের প্রসঙ্গে এর আগেও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আদেশ দেওয়া হয়েছে।গত বছরের ২৮ নভেম্বর এ-সংক্রান্ত আদেশে ট্রাইব্যুনাল বলেছিলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো যৌক্তিকতা ট্রাইব্যুনাল খুঁজে পাননি। গণতদন্ত কমিশনের প্রতিবেদন লেখা, খসড়া করা বা প্রস্তুতির কোনো পর্যায়ে তিনি সম্পৃক্ত ছিলেন না। আদেশে আরও বলা হয়েছিল, ট্রাইব্যুনালস আইনের ৬(৮) ধারা অনুসারে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বা এর সদস্যদের নিয়োগ চ্যালেঞ্জ করা যায় না।অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়া আদেশে ট্রাইব্যুনাল বলেন, অভিযোগ গঠনের মাধ্যমে কেউ দোষী হয়ে যান না। অভিযুক্ত ব্যক্তি নির্দোষ কি না, তা একমাত্র সাক্ষ্য গ্রহণের পর চূড়ান্ত রায়ের মাধ্যমে নির্ধারণ করা সম্ভব।৭ জুন আবেদন দুটির শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন ট্রাইব্যুনাল।সাকা চৌধুরীর বিরুদ্ধে চতুর্থ সাক্ষীকে জেরা: একই ট্রাইব্যুনালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী গৌরাঙ্গ সিংহকে জেরা শুরু করেছে আসামিপক্ষ। গতকাল সাক্ষীকে প্রায় এক ঘণ্টা জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। গৌরাঙ্গ ৪ জুন ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে জেরায় গৌরাঙ্গ সিংহ বলেন, তিনি কুণ্ডেশ্বরীতে জন্মগ্রহণ করেন। নূতন চন্দ্র সিংহ কবে কুণ্ডেশ্বরী প্রতিষ্ঠা করেন, তা তিনি বলতে পারবেন না। একাত্তরে কুণ্ডেশ্বরীতে মৃতসঞ্জীবনী সুরা ও মোদক তৈরি হতো। তবে ভাং তৈরি হতো না।ভারত থেকে দেশে ফেরার পর কুণ্ডেশ্বরী মন্দিরে গুলির চিহ্ন দেখেছিলেন কি না—আহসানুলের এই প্রশ্নের জবাবে গৌরাঙ্গ ‘না’ সূচক জবাব দেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কলেজে গুলির চিহ্ন দেখেছেন। একাত্তরে কুণ্ডেশ্বরী মন্দিরের পুরোহিত কে ছিলেন—এই প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, পুরোহিত ছিলেন ইন্দ্রমোহন চক্রবর্তী, তাঁর বাড়ি সুলতানপুরে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নূতন চন্দ্র থাকতেন ভবনের নিচতলায়। নূতন চন্দ্রের ছেলে সত্যরঞ্জন ও প্রফুল্ল রঞ্জন একই ভবনের দোতলায় থাকতেন।গহিরা গ্রামের বিভূতি নামে কোনো মুক্তিযোদ্ধাকে চেনেন কি না—আইনজীবীর এই প্রশ্নে সাক্ষী বলেন, এই নামে গহিরা গ্রামের কাউকে তিনি চেনেন না, তবে চিকদাইর গ্রামের বিভূতিকে চেনেন। গহিরা ও চিকদাইর পাশাপাশি গ্রাম। নূতন চন্দ্র সিংহের মুখাগ্নি কে করেছিলেন—এই প্রশ্নে সাক্ষী বলেন, ‘কাকার মুখাগ্নি কে করেছিল তা বলতে পারব না।’আজ মঙ্গলবারও গৌরাঙ্গকে জেরার দিন ধার্য রয়েছে।