গোলাম আযমের পক্ষে ছেলের জবানবন্দি চলছে
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের পক্ষে তাঁর ছেলে আবদুল্লাহহিল আমান আযমী গতকাল সোমবার চতুর্থ দিনের মতো জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি সামরিক শাসনামলে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণের বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। ২০০৯ সালে তিনি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে বরখাস্ত হন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল দেওয়া জবানবন্দিতে আযমী বলেন, সেনা শাসনামলে প্রজ্ঞাপন জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সব সরকারি-বেসরকারি গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। কোনো অবস্থাতেই যাতে সামরিক সরকারের বিরুদ্ধে কিছু প্রচারিত বা প্রকাশিত হতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি করা হয়। হুসেইন মুহম্মদ এরশাদের সেনা শাসনামলে ১৯৮২-৮৩ সালে তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে একজন কনিষ্ঠ সেনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সে সময় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুসারে গণমাধ্যম নিয়ন্ত্রণের কাজ করতেন। বিটিভি বা বেতারে কোনো সরাসরি অনুষ্ঠান হলে তিনি বসে থেকে নিশ্চিত করতেন যেন সরকারবিরোধী বক্তব্য না যায়। এ ছাড়া খবরসহ বিনোদন, নাটক প্রভৃতি অনুষ্ঠানের পাণ্ডুলিপি প্রচারের আগে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে দেখতেন, যাতে সরকারের বিরুদ্ধে কিছু না থাকে। দৈনিক যেসব অনুষ্ঠান প্রচার হতো, তা আগেই তাঁর মাধ্যমে অনুমোদন করিয়ে নিতে হতো। কোনো কিছুতে সংশয় হলে তিনি তা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতেন।গোলাম আযমের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নেতৃত্বের দায় (কমান্ড রেসপনসিবিলিটি)। চার দিন ধরে দেওয়া আযমীর জবানবন্দির মূল বিষয় হলো, সেনা শাসনকালে বেসামরিক ব্যক্তি বা রাজনীতিবিদদের কোনো কর্তৃত্ব থাকে না।বিকেলে জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।সাঈদীর পক্ষে যুক্তি উপস্থাপন চলছে: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। সাঈদী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।আজ সাঈদীর পক্ষে আবার যুক্তি উপস্থাপন করবে আসামিপক্ষ। রাষ্ট্রপক্ষ সাঈদীর বিরুদ্ধে নয় দিন ধরে যুক্তি উপস্থাপন করেছিল।