গোলাম আযমের পক্ষে প্রথম সাক্ষীর নথি উপস্থাপন অব্যাহত
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের প্রথম সাক্ষীর নথি উপস্থাপন অব্যাহত রয়েছে। গতকাল বুধবার পর্যন্ত এই সাক্ষী ২৪৬টি নথি প্রদর্শনী হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেন।বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে দুই সদস্যের (চেয়ারম্যান ছুটিতে রয়েছেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল নথি উপস্থাপন করেন আসামিপক্ষের প্রথম সাক্ষী আবদুল্লাহহিল আমান আজমী। তিনি সাবেক সেনা কর্মকর্তা এবং গোলাম আযমের ছেলে। শারীরিক কারণে গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।গতকালও আমান আজমী তাঁর বাবার পক্ষে বিভিন্ন বই, প্রতিবেদন ও নথি প্রদর্শনী হিসেবে দাখিল করেন। পরে আসামিপক্ষ ট্রাইব্যুনালের কাছে আরজি জানায়, তারা আরও বেশ কিছু নথি প্রদর্শনী হিসেবে দাখিলের অনুমতি চেয়ে আবেদন করবে। পরে ট্রাইব্যুনাল এই মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম ১৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন।