গোলাম আযমের পক্ষে যুক্তি উপস্থাপন বুধবার পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন গতকাল রোববার শেষ হয়েছে। আসামিপক্ষ আইনি বিষয়ে যুক্তি দেবে ২৭ মার্চ (বুধবার) থেকে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল এ মামলায় সপ্তম দিনের মতো যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। শারীরিক কারণে গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।একই ট্রাইব্যুনাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন।কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করতে আসামিপক্ষের সারা দিন লাগবে। যেহেতু সারা দিন এ মামলায় যুক্তি উপস্থাপন করা হবে, তাই সাকা চৌধুরীর মামলার কার্যক্রম সোমবার পর্যন্ত মুলতবি করা যেতে পারে।ট্রাইব্যুনাল এতে সম্মতি জানান। তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম এর বিরোধিতা করার সময় ‘সাকা চৌধুরীর মামলায়...’ উল্লেখ করেন। সাকা চৌধুরীর আইনজীবী আহসানুল হক এতে আপত্তি জানিয়ে বলেন, তাঁর মক্কেলকে বিকৃত নামে ডাকা হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলির উদ্দেশে তিনি বলেন, ‘আপনাকে যদি কেউ বিকৃত নামে ডাকে, তবে আপনার কেমন লাগবে?’এ সময় ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, কাউকে বিকৃত নামে ডাকা উচিত নয়। জেয়াদ-আল-মালুম তখন তাঁকে বলেন, ‘আপনি আমাকে দেখতে পারেন না কেন? কারণে-অকারণে ধমকান কেন?’এ কথায় বিস্ময় প্রকাশ করে বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এটা আপনি কি বলছেন?’ এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান কৌঁসুলির উদ্দেশে বলেন, ‘আপনি কোনো কারণে ক্ষুব্ধ থাকতে পারেন, কিন্তু উন্মুক্ত আদালতে আপনি এটা কী বলছেন?’ বিচারপতি জাহাঙ্গীর হোসেন তখন বলেন, ‘আপনাকে যদি কেউ বিকৃত নামে ডাকে, তবে আপনার কেমন লাগবে? আপনাকে ধমকিয়ে আমার কোনো লাভ আছে?’এ সময় রাষ্ট্রপক্ষের কয়েকজন কৌঁসুলি ট্রাইব্যুনালের কাছে দুঃখ প্রকাশ করেন। জেয়াদ-আল-মালুমও পরে ট্রাইব্যুনালের কাছে দুঃখ প্রকাশ করেন।পরে গোলাম আযমের পক্ষে যুক্তি উপস্থাপন করেন মিজানুল ইসলাম। তিনি দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারা অনুসারে গোলাম আযম কোনো অপরাধ করেননি। বিকেলে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।