জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পুনর্বিচারের আবেদনের পক্ষে আসামিপক্ষের শুনানি গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। এরপর আসামিপক্ষ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলা পুনর্বিচারের পক্ষে শুনানি শুরু করে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল গোলাম আযমের বিরুদ্ধে মামলাটি পুনর্বিচারের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। প্রায় দেড় ঘণ্টা তিনি যুক্তি তুলে ধরেন। তিনি তিন দিনে যুক্তি উপস্থাপন শেষ করলেন।এরপর সাঈদীর বিরুদ্ধে মামলাটি পুনর্বিচারের পক্ষে শুনানি শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। স্কাইপে আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে এই ট্রাইব্যুনালের পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের কথোপকথনের উল্লেখ করে তিনি বলেন, আহমেদ জিয়াউদ্দিনের মাধ্যমে বিচারপতি নিজামুল হক শুধু প্রভাবিত নন, নির্দেশিত হয়েছেন। তাঁর শপথ ভঙ্গ হয়েছে। যে বিচারকের শপথ ভেঙে যায়, সেই বিচারকের অধীনে চলা আইনগত কার্যক্রমের কোনো বৈধতা থাকে না।আসামির কাঠগড়ায় সাঈদীর উপস্থিতিতে মিজানুল ইসলাম বলেন, অ্যাটর্নি জেনারেলকে উদ্ধৃত করে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৬(৬) ধারায় ট্রাইব্যুনালের সদস্য পরিবর্তনের ক্ষেত্রে ইংরেজিতে ‘মেয়ারলি’ শব্দটি রয়েছে, যার অর্থ ‘নিছক’। এখানে ‘নিছক’ শব্দটি বাদ দিয়ে ধারাটি অনুবাদ করে দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আসামিপক্ষ ‘মিডিয়া ট্রায়াল’ করছে। ‘মিডিয়া ট্রায়াল’ এখানে হচ্ছে।প্রসঙ্গত, ২০ ডিসেম্বর প্রথম আলোতে ‘বিধান নেই তবু মামলা পুনর্বিচারের আবেদন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বিশেষজ্ঞদের বক্তব্যের মধ্যে ট্রাইব্যুনাল আইনের ৬(৬) ধারাটি উল্লেখ করা হয়। প্রতিবেদনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্য ছিল।শুনানিতে মিজানুল ইসলাম স্কাইপে বিচারপতি নিজামুল হক ও আহমেদ জিয়াউদ্দিনের কথোপকথন তুলে ধরে বিভিন্ন যুক্তি দেন। একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এসবের কি কোনো প্রাসঙ্গিকতা আছে? এতে সময় নষ্ট হচ্ছে। আসামিপক্ষের আইনজীবীরা এর প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ বিতণ্ডা হয়। পরে ট্রাইব্যুনালের নির্দেশে মিজানুল ইসলাম আবার যুক্তি দেন।ট্রাইব্যুনাল বিকেল চারটার দিকে মিজানুল ইসলামকে যুক্তি উপস্থাপন শেষ করতে বললে তিনি জানান, তাঁর আরও আধা ঘণ্টা লাগবে। পরে ট্রাইব্যুনাল ৩০ ডিসেম্বর (রোববার) পর্যন্ত এই শুনানি মুলতবি করেন।২০ ও ২৩ ডিসেম্বর ট্রাইব্যুনালে গোলাম আযম, জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির সাঈদীর বিরুদ্ধে মামলা তিনটি পুনর্বিচারের জন্য পৃথক তিনটি আবেদন করে আসামিপক্ষ। ২৪ ডিসেম্বর থেকে আসামিপক্ষের শুনানি শুরু হয়। ৩০ ডিসেম্বর নিজামীর আবেদনের শুনানি হবে।