গোলাম আযমের পক্ষে সাক্ষ্য গ্রহণ ১১ নভেম্বর
জামায়াতে ইস-লামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ দিন ধার্য করেন।গতকাল এই মামলার তদন্ত কর্মকর্তা মো. মতিউর রহমানকে জেরা শেষ করে আসামিপক্ষ। আসামির কাঠগড়ায় গোলাম আযমের উপস্থিতিতে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। মতিউর রহমানকে জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। এ জন্য মামলার পরবর্তী ধাপ অর্থাৎ আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। ট্রাইব্যুনালের আগের আদেশ অনুসারে গোলাম আযমের পক্ষে ১২ জন সাক্ষীকে হাজির করতে পারবে আসামিপক্ষ।গত ১ জুলাই থেকে গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১৬ জন, তাঁদের মধ্যে আটজন ছিলেন জব্দ তালিকার সাক্ষী। ঘটনার বিষয়ে সাক্ষ্য দেওয়া সাতজনের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন, মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমদ বীর বিক্রম (এসপি মাহবুব), আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল প্রমুখ।সুবহানের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ১১ নভেম্বর: গতকাল একই ট্রাইব্যুনাল জামায়াতের নায়েবে আমির মো. আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ১১ নভেম্বর দিন পুনর্নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। এ সময় সুবহান ট্রাইব্যুনালে হাজির ছিলেন।কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ: বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে গতকাল জেরা শেষ করেছে আসামিপক্ষ। কাদের মোল্লা এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।