গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১৩ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না—এ বিষয়ে আদেশের জন্য ১৩ মে দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ নিয়ে দ্বিতীয়বার আদেশের দিন পুনর্নির্ধারণ হলো।গতকাল বুধবার ছিল গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ধার্য দিন। এ জন্য সকালে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কারাকক্ষ থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা পৌনে ১১টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনাল জানান, অভিযোগ গঠন ও মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের বিষয়ে আজ (বুধবার) আদেশ দেওয়া হবে না। এই মামলার বিপুলসংখ্যক নথিপত্র পড়ে তাঁরা শেষ করতে পারেননি।গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শেষে গত ২৯ মার্চ ট্রাইব্যুনাল আদেশের জন্য ১৭ এপ্রিল দিন ধার্য করেছিলেন। ওই দিন আদেশের জন্য ২ মে দিন পুনর্নির্ধারণ করা হয়েছিল।এদিকে, গোলাম আযমকে বাসায় রান্না করা খাবার সরবরাহের বিষয়ে দেওয়া আদেশের সংশোধনী (মডিফিকেশন) চেয়ে করা আবেদন ট্রাইব্যুনাল গতকাল খারিজ করেন। ৬ মার্চ ট্রাইব্যুনাল তাঁকে বাসায় রান্না খাবার সরবরাহের অনুমতি দেন। আদেশে বলা হয়েছিল, গোলাম আযম বাসায় রান্না করা খাবার পাবেন, তবে সেই খাবার খেয়ে তাঁর কোনো শারীরিক সমস্যা হলে কারা কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আসামিপক্ষ আদেশের এই অংশ সংশোধন চেয়ে আবেদন করেছিল।