জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ ষড়যন্ত্রের অভিযোগসহ কোনো অভিযোগই সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে পারেনি বলে দাবি করেছে আসামিপক্ষ। গতকাল সোমবার আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনকালে এ দাবি করেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই যুক্তি উপস্থাপন চলছে। গতকাল দুপুরে যুক্তি উপস্থাপন শুরু হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত গোলাম আযমের পক্ষে যুক্তি তুলে ধরেন আবদুর রাজ্জাক।যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষের প্রধান আইনজীবী বলেন, আসামির বিরুদ্ধে সরকার যেসব অভিযোগ এনেছে, সেগুলোর কোনোটিই সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়নি। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। কিন্তু কোথায়, কোন তারিখে তিনি ষড়যন্ত্র করেছেন সেগুলো বলা হয়নি। তিনি বলেন, গোলাম আযম কেন্দ্রীয়ভাবে শান্তি কমিটি গঠনের সঙ্গে যুক্ত থাকলেও জেলা কমিটিগুলোতে যুক্ত ছিলেন না। আর শান্তি কমিটির কাজ ছিল আইনশৃঙ্খলা রক্ষা করা। এটি পাকিস্তানি সেনাদের কোনো সহযোগী সংগঠন ছিল না।আজ মঙ্গলবার আবার যুক্তি উপস্থাপন হবে।নিজামীর বিরুদ্ধে মামলায় তৃতীয় সাক্ষীকে জেরা শেষ: একই ট্রাইব্যুনালে গতকাল সকালে জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী রোস্তম আলী মোল্লাকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে। তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং কলেজের নিরাপত্তারক্ষী রোস্তম আলী মোল্লা ১৯ মার্চ ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।জেরায় আসামিপক্ষের আইনজীবীর এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ২৫ মার্চ রাতে গণহত্যার পর মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর ট্রেনিং সেন্টার ও নির্যাতন ক্যাম্প গড়ে ওঠে। ক্যাম্পটি তাঁদের বাসা থেকে ১০০-১৫০ গজ দূরে ছিল। রোস্তম বাবার চাকরির সূত্রে একাত্তরে ওই কলেজ ক্যাম্পাসে পরিবারের সঙ্গে থাকতেন।১৫ এপ্রিল এ মামলায় চতুর্থ সাক্ষীর সাক্ষ্য নেওয়ার জন্য দিন ধার্য করা হয়। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৪তম সাক্ষী বাবুল চক্রবর্তীর সাক্ষ্য গ্রহণ গতকাল একই ট্রাইব্যুনালে শেষ হয়েছে।