গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাঁর বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। গতকাল রোববার দুপুরে বেইলি রোডের কার্যালয়ে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক সাংবাদিকদের এ কথা জানান।আবদুর রাজ্জাক জানান, প্রাথমিক অভিযোগ প্রমাণের মতো তথ্য-প্রমাণ সংগ্রহ করার পর এ বিষয়ে প্রসিকিউসন শাখার মাধ্যমে ট্রাইব্যুনালে আবেদন করা হবে। এ সময় সংস্থার সদস্য মো. নুরুল ইসলাম ও শ্যামল চৌধুরী উপস্থিত ছিলেন।আবদুর রাজ্জাক বলেন, চিহ্নিত ২০ যুদ্ধাপরাধীকে লক্ষ্য করে তদন্তকাজ শুরু হয়েছে। গোলাম আযম পূর্ব পাকিস্তান রক্ষা কমিটির উদ্যোক্তা ছিলেন। স্বাধীনতার পরও তিনি এ উদ্যোগ নেন। তাঁর আদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপকর্ম সংঘটন করতে আলবদর, রাজাকারদের প্রশিক্ষণ দেওয়া হয়।এদিকে বার্তা সংস্থা বাসস তদন্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাককে উদ্ধৃত করে জানিয়েছে, গোলাম আযমকে যে কোনও সময় গ্রেপ্তার করা হতে পারে।তাঁদের এ পর্যন্ত কার্যক্রম প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুরে তদন্ত করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা এসব এলাকায় নির্যাতিত ব্যক্তিদের কাছ থেকে অত্যাচারের বিবরণ শুনেছেন। ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার বাড়ির আমবাগানসংলগ্ন একটি কূপ পরিদর্শন করা হয়েছে। সেখানে একাত্তরে মানুষ হত্যা করে লাশ ফেলা হয়েছিল। আবদুর রাজ্জাক আরও বলেন, প্রথম ধাপের যুদ্ধাপরাধের তালিকা ধরে তদন্তকাজ অগ্রসর হচ্ছে। দ্বিতীয় ধাপে অপরাধীদের গুরুত্ব অনুসারে তদন্ত করা হবে। দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে বলে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। প্রাথমিক অবস্থায় পিরোজপুরে এবং পরবর্তী সময়ে সারা দেশে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হবে।