গোলাম আযমের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৪ জুলাই
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমদ বীর বিক্রমকে গতকাল আসামিপক্ষের জেরার দিন নির্ধারিত থাকলেও তা হয়নি।গতকাল গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও এজলাসে তোলা হয়নি। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করার কিছুক্ষণ পর বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের হাজতখানায় থাকা গোলাম আযম অসুস্থ হয়ে পড়েন। ট্রাইব্যুনালের নির্দেশে তাঁকে তাৎক্ষণিকভাবে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে নিয়ে যাওয়া হয়।গোলাম আযমের আইনজীবী আবদুর রাজ্জাক জানান, গোলাম আযমের রক্তচাপ বেড়ে গিয়েছিল।মীর কাসেমকে ডিভিশন দেওয়ার আবেদন: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে কারাগারে ডিভিশন দেওয়ার আবেদন জানিয়েছে আসামিপক্ষ। গতকাল ট্রাইব্যুনাল-১-এ তাঁর আইনজীবী এ আবেদন জানান। ২২ জুলাই এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত: একই ট্রাইব্যুনালে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে গতকালও সারা দিন জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। একই দিনে ট্রাইব্যুনাল সাঈদীর পক্ষে করা চারটি আবেদন নিষ্পত্তি করেন।