গোলাম আযমের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন ১৯ ডিসেম্বর
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ১৯ ডিসেম্বর দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গতকাল সোমবার আসামিপক্ষের মুলতবি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই দিন পুনর্নির্ধারণ করেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম যুক্তি উপস্থাপন মুলতবির আবেদন জানান। তিনি বলেন, তাঁরা এই মামলা পুনর্বিচারের আবেদন করবেন। এ জন্য সাত দিন সময় লাগবে।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম এই আবেদনের বিরোধিতা করেন। পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, ১৯ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এই মামলায় যুক্তি উপস্থাপন করবে। আসামিপক্ষ এই সময়ের মধ্যে যেকোনো আবেদন করতে পারে।এর আগে দুই দফায় এই মামলায় যুক্তি উপস্থাপনের দিন পুনর্নির্ধারণ করা হয়।আবেদন খারিজ: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে কারাগারে আসামিপক্ষের আইনজীবীদের আলোচনার আবেদন খারিজ করেন। এ-সংক্রান্ত আদেশে ট্রাইব্যুনাল বলেন, সাঈদীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হয়েছে, মামলাটি রায়ের জন্য অপেক্ষাধীন। এ অবস্থায় আসামির সঙ্গে মামলা নিয়ে আইনজীবীদের যোগাযোগের কোনো কারণ থাকতে পারে না।সাকা চৌধুরীর আইনজীবীদের অনুপস্থিতির ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল: একই ট্রাইব্যুনাল গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবীদের অনুপস্থিতির কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছেন। গতকাল এই ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষীর রুদ্ধদ্বার (ক্যামেরা ট্রায়াল) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।এই মামলায় আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক ও আরেক আইনজীবী ফখরুল ইসলাম এ সময় ট্রাইব্যুনালে আসামিপক্ষের নির্ধারিত কক্ষে থাকলেও মামলার কার্যক্রম শুরু হলে এজলাসে যাননি। পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক ও ফখরুল ইসলামের অনুপস্থিতি কেন অসদাচরণ হিসেবে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করে ১৯ ডিসেম্বরের মধ্যে জবাব দিতে হবে।