যুক্তি উপস্থাপনকালে আইনজীবীর দাবি
গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারেনি
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষ দাবি করেছে, গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোনো সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারেনি।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। শারীরিক কারণে গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।আসামিপক্ষ গতকাল অষ্টম দিনের মতো যুক্তি উপস্থাপন করে। যুক্তিতে আবদুর রাজ্জাক বলেন, আসামির বিরুদ্ধে প্রথমে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, ৪ এপ্রিল তিনিসহ অন্য নেতারা টিক্কা খানের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, টিক্কা খানের সঙ্গে বৈঠক করা কি অপরাধ? এটা কোন ধারায় অপরাধ? এ অভিযোগ-সংক্রান্ত প্রদর্শনী-৩৩ উল্লেখ করে তিনি বলেন, বলা হচ্ছে, গোলাম আযম মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র করেছেন। তাহলে সেই ষড়যন্ত্রের পরিকল্পনা কোথায়, কীভাবে ষড়যন্ত্র হয়েছে—এসব কিছুই রাষ্ট্রপক্ষ উল্লেখ করেনি।প্রথম অভিযোগে রয়েছে, একাত্তরের ৪ এপ্রিল অবরুদ্ধ বাংলাদেশে সামরিক আইন প্রশাসক টিক্কা খানের সঙ্গে বৈঠক করে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল। ওই বৈঠকে উপস্থিত তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতের আমির গোলাম আযম দখলদার পাকিস্তানি বাহিনীর চক্রান্ত কার্যকর করার বিষয়ে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত নেন। ওই ষড়যন্ত্রের সূত্র ধরে ৬ এপ্রিল টিক্কা খানের সঙ্গে আরেকটি বৈঠক হয়। একাত্তরের পত্রিকায় প্রকাশিত ৬ এপ্রিলের একটি বৈঠকের ছবি প্রদর্শনী হিসেবে দাখিল করে রাষ্ট্রপক্ষ। ওই ছবিতে দেখা যায়, টিক্কা খান, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেতা নুরুল আমিনের সঙ্গে গোলাম আযম রয়েছেন।আসামিপক্ষের প্রধান আইনজীবী আরও বলেন, শান্তি কমিটি গঠনের সঙ্গে গোলাম আযমের সম্পৃক্ততা দেখানো হয়েছে। কিন্তু শান্তি কমিটি গঠন করা কেন অপরাধ হবে? এটা পাকিস্তানি সেনাদের কোনো সহযোগী সংগঠন নয় যে গঠন করা অপরাধ হবে। সহযোগী বাহিনী হিসেবে ছিল রাজাকাররা।আবদুর রাজ্জাক আজ সোমবার আবার আইনি বিষয়ে যুক্তি দেবেন।নিজামীর বিরুদ্ধে মামলায় তৃতীয় সাক্ষীকে জেরা শুরু: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী রুস্তম আলী মোল্লাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় নিজামী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। আজ তাঁকে আবার জেরা করবে আসামিপক্ষ।