জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে দাখিল করা মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশ দেওয়ার ধার্য দিন আজ সোমবার। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেবেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাসগুপ্ত গতকাল রোববার প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গোলাম আযমের বিরুদ্ধে মামলা আমলে নিলে ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অথবা ট্রাইব্যুনালে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করতে পারেন।রাষ্ট্রপক্ষ ১২ ডিসেম্বর গোলাম আযমের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে। ১৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করেন।আনুষ্ঠানিক অভিযোগে গোলাম আযমের পরিচিতির শুরুতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও গণহত্যার প্রতীক আসামি গোলাম আযম।’ রাষ্ট্রপক্ষের কয়েকজন কৌঁসুলি জানান, গোলাম আযম পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী গঠনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন। তাঁর বিরুদ্ধে ৫২টি অভিযোগের মধ্যে ৫১টিই এসব সহযোগী বাহিনীর সংগঠক, উৎসাহদাতা, নেতৃত্ব ও নির্দেশনা দেওয়ার ভূমিকার কারণে আনা হয়েছে।মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গত ৩১ অক্টোবর গোলাম আযমের বিরুদ্ধে ৩৬০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন ও আনুষঙ্গিক নথিপত্র রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের কাছে জমা দেয়।