গোলাম আযমের মতো তারেক ষড়যন্ত্র করছে: সাহারা খাতুন

দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই গোলাম আযমের মতো তারেক রহমান ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন।
আজ শুক্রবার রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুল মান্নানের স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের স্মরণসভায় সাহারা খাতুন এ মন্তব্য করেন।
সাহারা খাতুন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে যাতে এসব কুচক্রী মহল ক্ষমতায় আসতে না পারে। শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে।
হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির জন্ম মন্তব্য করে স্মরণসভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করতে চায়। এরা দেশের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করতে চায়। এরা কেবলমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ নয়, দেশ ও জাতিরও শত্রু। শুধু রাজনৈতিকভাবেই নয়, জাতিগতভাবেও এদের প্রতিরোধ করতে হবে।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা আফজাল হোসেন, শাহে আলম মুরাদ, অরুণ সরকার প্রমুখ।