গোলাম আযমের মরদেহ জাতীয় মসজিদে যাবে ১২টায়
মানবতাবিরোধী অপরাধী গোলাম আযমের মরদেহ আজ শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উদ্দেশে নিয়ে যাওয়া হবে। সেখানে আজ বাদ জোহর তাঁর জানাজা হওয়ার কথা।
গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী আজ বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান।
বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাম আযমের মরদেহ মগবাজারে তাঁর বাসভবনে রয়েছে।
জাতীয় মসজিদে জানাজার জন্য অনুমতি নেওয়া হয়েছে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আযমী দাবি করেন, মসজিদে জানাজার জন্য অনুমতির প্রয়োজন হয় না। তার পরও তাঁরা ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
আযমী জানান, বিদেশ থেকে তাঁর ভাইয়েরা আসতে না পারলেও তাঁদের স্ত্রীরা দেশে এসেছেন।
গোলাম আযমের মরদেহ কোন পথ দিয়ে বায়তুল মোকাররমের উদ্দেশে নিয়ে যাওয়া হবে, তা জানাতে পারেননি পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমানী। তিনি মগবাজারে গোলাম আযমের বাসভবনের সামনেই অবস্থান করছিলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় আযমী সাংবাদিকদের বলেন, আজ শনিবার বাদ জোহর গোলাম আযমের জানাজা হবে। এরপর রাজধানীর মগবাজারের কাজি অফিস লেনের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান গত রাতে জানান, যুদ্ধাপরাধী গোলাম আযমের জানাজা জাতীয় মসজিদে হতে দেওয়া হবে না। এটা প্রতিহত করা হবে।
বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে বায়তুল মোকাররমের সামনে গিয়ে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করবে তারা।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা ও গণহত্যার প্রতীক গোলাম আযম গত বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে গোলাম আযমকে ৯০ বছরের সাজা দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল রায়ে বলেছিলেন, তাঁর অপরাধ ছিল মৃত্যুদণ্ডযোগ্য। কিন্তু বয়স বিবেচনা করে তাঁকে ৯০ বছরের সাজা দেওয়া হয়। সেই সাজা ভোগরত অবস্থায় মারা যান তিনি।