গোলাম আযমের মুক্তি চেয়ে জামায়াতের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের মুক্তি দাবি করেছেন দলটির নেতারা। তাঁর কোনো ক্ষতি হলে বাংলার মাটিতে কেউ নিরাপদ থাকতে পারবে না বলেও হুমকি দিয়েছেন তাঁরা।গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিলে জামায়াতের নেতারা এ হুমকি দেন।ঢাকা মহানগর জামায়াত আয়োজিত এই আলোচনা সভায় একুশে সম্মাননাপ্রাপ্তদের কটাক্ষ করা হয়।জামায়াতের ঢাকা মহানগর শাখার সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিন অবিলম্বে গোলাম আযমের মুক্তির দাবি করেন। তিনি বলেন, ‘গোলাম আযমের মতো কীর্তিমান ও জনপ্রিয় মানুষের যদি সামান্যতম ক্ষতি হয়, বাংলার মাটিতে কেউ নিরাপদে থাকতে পারবে না।’বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মিয়া গোলাম পরোয়ার বলেন, ‘ভাষা আন্দোলনের জন্য গোলাম আযম সংগ্রাম করলেন, জেল খাটলেন। আর সরকার তাঁকে জেলে পাঠিয়েছে। অন্যদিকে সরকার দুনিয়ার থার্ডক্লাস ব্যক্তিদের সম্মাননা দিচ্ছে।’সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এ কে এম নাজির আহমদ। তিনি দাবি করেন, ভাষা আন্দোলনের স্থপতি ছিলেন অধ্যাপক আবুল কাশেম। আর এ আন্দোলনে বড় ধরনের ভূমিকা পালনকারীদের মধ্যে যাঁরা বেঁচে আছেন, তাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন গোলাম আযম।সভাপতির বক্তব্যে জামায়াতের মহানগর কমিটির সেক্রেটারি নুরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে কথা বলা যাবে না, এ জন্য জাতীয় সংসদে আইন করা হচ্ছে। এতে প্রমাণিত হয়, যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ ও প্রক্রিয়া এতটা ঘৃণিত যে আইন করে এর বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে হচ্ছে।আরও বক্তব্য দেন দলের মহানগর কমিটির সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, রেদওয়ান উল্লাহ শাহেদী প্রমুখ।