গোলাম আযমের মৃত্যুতে প্রতিক্রিয়া নেই বীরগাঁওবাসীর
গোলাম আযমের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় তাঁর নিজ এলাকা নবীনগর উপজেলার বীররগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের মানুষের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। নেই শোকের ছায়া, কারও মাঝে আনন্দও নেই। বিষয়টি নিয়ে অনেকটাই নিষ্পৃহ বীরগাঁওয়ের মানুষ।
আজ শুক্রবার দুপুরে বীরগাঁও গ্রামে সরেজমিনে দেখা গেছে, গ্রামের একপক্ষের লোকজন গোলাম আযমের গায়েবি জানাজার উদ্যোগ নিচ্ছেন। আসরের নামাজের পর গোলাম আযমের নিজ বাড়িতে এই গায়েবি জানাজা হওয়ার কথা। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গোলাম আযমের জানাজা দলীয়ভাবে সম্পন্ন করা যাবে না। তবে স্থানীয় লোকজন ধর্মীয় রীতি পালনের জন্য যদি জানাজা করতেন চান, প্রশাসন বাধা দেবে না।
বীরগাঁও এলাকার একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গোলাম আযম সর্বশেষ ২০০৮ সালে গ্রামে এসেছিলেন। তখন তিনি তাঁর বাড়ির পূর্ব দিকে নিজ জমির ২২ মৌজা এলাকার ওপর সোবহানিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদ্রাসার যাবতীয় খরচ প্রতি মাসে গোলাম আযমের পরিবার থেকে দেওয়া হয়।
ওই মাদ্রাসার তত্ত্বাবধায়ক কামরুল হাসান প্রথম আলোকে জানান, মাদ্রাসার শিক্ষার্থী ও গোলাম আযমের বাড়ির আশেপাশের লোকজনকে গায়েবি জানাজায় অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। প্রশাসন তাঁদের জানিয়েছে, শান্তিশৃঙ্খলা বিঘ্ন যাতে না হয়, সে বিষয়টি বিবেচনা করেই যেন জানাজার আয়োজন করা হয়।
নবীনগর থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, গোলাম আযমের জানাজার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই। স্থানীয় লোকজন চাইলে জানাজা করতে পারেন। তবে দলীয়ভাবে জানাজা না করার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
গোলাম আযমের বাড়িতে গিয়ে দেখা গেছে, ওই বাড়িতে কেউ থাকে না। বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এমনকি বাড়িটি দেখাশোনার জন্যও কোনো লোক নেই।
বীরগাঁও গ্রামের বাসিন্দা মো. লিটন, আবু তাহের, আমিনুল ইসলাম, সেলিম খানের ভাষ্য, গোলাম আযম আগে কী করেছেন না করেছেন, এ বিষয়ে তাঁরা কিছু জানেন না। সেটা সরকারের ব্যাপার। তবে তাঁর মৃত্যু নিয়ে তাঁদের কোনো মাথাব্যথা নেই। কারণ গ্রামের মানুষের সঙ্গে তাঁর পরিচয় ছিল না। তিনি খুব একটা গ্রামে যেতেন না।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি ও বীরগাঁওয়ের বাসিন্দা নাইমুর রহমান বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠার আগে এ এলাকায় কেউ জামায়াত করত না। মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই এ এলাকায় জামায়াতের আনাগোনা শুরু হয়।
বীরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির আহমেদ জানান, এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এরই মধ্যে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।