গোলাম আযমের রায়ে অসন্তোষ-ক্ষোভ-নিন্দা
বিভিন্ন বাম রাজনৈতিক দল, ছাত্র এবং সামাজিক সংগঠন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডের রায়ে তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে। গতকাল সোমবার রায়ের পর পৃথক বিবৃতিতে রায়কে প্রত্যাখ্যান করে তারা উচ্চ আদালতে আপিল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল পাঁচটি অভিযোগে গোলাম আযমের বিরুদ্ধে ওই রায় ঘোষণা করেন।
ওই রায় জাতিকে চরমভাবে হতাশ করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বয়সের কারণে এমন জঘন্য অপরাধীর শাস্তি কমানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক বিবৃতিতে রায় প্রত্যাখ্যান করে বলেছেন, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করার পরও গোলাম আযমকে মৃত্যুদণ্ড না দেওয়া কোনো যুক্তিতেই গ্রহণ করা যায় না। ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক রায়ে গণপ্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এক বিবৃতিতে গোলাম আযমকে গণহত্যার পরিকল্পনাকারী হিসেবে আখ্যায়িত করে এই রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
আওয়ামী লীগ রায়ে সন্তোষ প্রকাশ করলেও কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক এক বিবৃতিতে এই রায়ে গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।
রায়ে আওয়ামী লীগের সন্তুষ্টিতে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর ও সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান। বিবৃতিতে তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের সময় যেসব নারী-শিশু-বৃদ্ধনির্বিশেষে মানুষ হত্যা করা হয়েছিল, বয়স বা অন্য কিছুকে এই অপরাধীরা তখন বিবেচনায় নেয়নি। রায় প্রত্যাখ্যান করে গণতান্ত্রিক বাম মোর্চা বলেছে, মানবতাবিরোধী অপরাধীদের শিরোমণি হিসেবে গোলাম আযমের সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য। বাংলাদেশ ছাত্রফেডারেশন রায়কে মানবতাবিরোধী অপরাধীদের সঙ্গে আঁতাতের রায় বলে তা প্রত্যাখ্যান করে শাহবাগে মিছিল করে। রায়ে গভীর হতাশা প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বিপ্লবী ছাত্রসংহতি ও জাতীয় যুবঐক্য। সন্তোষ: সম্মিলিত সামাজিক আন্দোলন ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ ৪২ বছর পর গোলাম আযমের বিচার সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেছে। তবে দুটি সংগঠনই গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে সরকারের কাছে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার আবেদন জানিয়েছে। দুটি সংগঠনের পক্ষে বিবৃতি দিয়েছেন অজয় রায়, জিয়াউদ্দিন তারেক আলী, নুর মোহাম্মদ তালুকদার ও তোবারক হোসেন।