গোলাম আযমের রায়ে সন্তুষ্ট আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, গোলাম আযমের বিচারে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে।গতকাল সোমবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের অবস্থান তুলে ধরেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘আমরা এ রায়ে সন্তোষ প্রকাশ করছি। যদিও গোটা জাতির প্রত্যাশা ছিল কুখ্যাত এই যুদ্ধাপরাধীর রায় মৃত্যুদণ্ড হবে, শারীরিকভাবে অসুস্থতার কারণে তাঁকে ৯০ বছর সাজা দেওয়া হয়েছে।’ রায় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে একজন যুদ্ধাপরাধীর ক্ষেত্রে এ রকম সাজা দেওয়ার নিদর্শন পৃথিবীতে আছে কি না, আমরা জানি না। এ রায় নিয়ে আওয়ামী লীগ উচ্চতর আদালতে আপিল করবে কি না, জানি না। এ ব্যাপারে আইনজীবীরা সিদ্ধান্ত নেবেন।’ জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ আঁতাত করেছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে, এটা মানুষ ভুলে গেছে। শেখ হাসিনা সংকল্প নিয়ে ক্ষমতায় এসেছেন। এ বিচার নিয়ে অনেক প্রাণ ঝরেছে। তার পরও তিনি পিছপা হননি। এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হবে।প্রত্যাশা পূরণ হয়েছে: সচিবালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সব দিক বিবেচনা করে আন্তর্জাতিক মান ও স্বচ্ছতা বজায় রেখে বিচার হয়েছে। আমার মনে হয়, এটা দেশবাসীর প্রত্যাশা ছিল এবং দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে।’ তিনি বলেন, ‘বয়স বিবেচনায় মৃত্যুদণ্ড না দেওয়া আন্তর্জাতিক রীতি বলে মনে করি। বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন, তা সবাইকে মানতে হবে।’ সরকারের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় এ রায় দেওয়া হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এ ধরনের কোনো সমঝোতা হয়েছে বলে আমার মনে হয় না।’