গোলাম আযমের রিভিউ আবেদনের শুনানি শেষ
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ শুনানিতে আসামিপক্ষের যুক্তির বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম। শুনানি শেষে ট্রাইব্যুনাল জানান, এ বিষয়ে পরে আদেশ দেবেন।জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের মধ্যে ১৫ জনের তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আদেশ পুনর্বিবেচনার শুনানির জন্য ১১ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আদেশ অনুসারে গতকাল উইটনেস হাউসের (সাক্ষীদের ঢাকায় এনে রাখার জন্য নির্ধারিত বাড়ি) দায়িত্বরত কর্মকর্তারা ট্রাইব্যুনালে হাজির হন। শুরুতে ট্রাইব্যুনাল বলেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান তাঁর কক্ষে রাষ্ট্রপক্ষের দুজন কৌঁসুলি ও আসামিপক্ষের দুজন আইনজীবীর উপস্থিতিতে কর্মকর্তাদের বক্তব্য শুনবেন। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, উইটনেস হাউসের দায়িত্বরত কর্মকর্তাদের বক্তব্য শোনা ও নথিপত্র পর্যালোচনার জন্য ট্রাইব্যুনাল ‘ক্যামেরা কার্যক্রম’ পরিচালনা করেন। সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলায় সাক্ষীকে জেরা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সিরাজুল ইসলামকে জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১২ জুন। গতকাল আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক তাঁকে প্রায় এক ঘণ্টা জেরা করেন।জেয়াদ-আল-মালুম ট্রাইব্যুনালকে জানান, সাক্ষী সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রীকে কে বা কারা মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে। ট্রাইব্যুনাল এ বিষয়ে জিডি করার পরামর্শ দেন।