মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের সঙ্গে কারাগারে তাঁর দুজন আইনজীবী দেখা করতে পারবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল সোমবার দুই আইনজীবীকে সাক্ষাতের এ অনুমতি দিয়ে আদেশ দেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, আগামী ৪, ১১ ও ১৮ ফেব্রুয়ারি আসামিপক্ষের দুজন আইনজীবী কারাগারে গিয়ে গোলাম আযমের সঙ্গে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত মামলার বিষয়ে আলোচনা করতে পারবেন। এই তিন দিন যদি তিনি হাসপাতালের প্রিজন সেলে থাকেন, তবে আইনজীবীরা সেখানে গিয়ে দেখা করবেন।বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে গোলাম আযমের আইনজীবী ইমরান সিদ্দিক তাঁর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে করা আবেদনের শুনানি করেন। ট্রাইব্যুনাল তাঁকে গোলাম আযমের সঙ্গে মামলা নিয়ে আলোচনার জন্য দেখা করতে চান, আসামিপক্ষের এমন তিনজন আইনজীবীর নাম জানাতে বলেন। ইমরান ট্রাইব্যুনালকে তাঁর এবং আইনজীবী এহসান সিদ্দিক ও শিশির মনিরের নাম জানান। ট্রাইব্যুনাল ওই তিনজনের মধ্যে দুজনকে গোলাম আযমের সঙ্গে দেখা করার অনুমতি দেন।সাঈদীর বিরুদ্ধে দুজনের সাক্ষ্য: জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন জব্দ তালিকার সাক্ষী বাংলা একাডেমীর সহকারী গ্রন্থাগারিক মো. এজাবউদ্দিন মিয়া ও গ্রন্থাগারের ডিস্ট্রিবিউটর সৈয়দ মাসুম-উল-কবীর।প্রথমে সাক্ষ্য দেন এ মামলায় রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী এজাবউদ্দিন। তিনি বলেন, গত বছরের মার্চ ও এপ্রিল মাসে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিন বাংলা একাডেমীর গ্রন্থাগারে যান। তিনি ১৯৭০ থেকে ১৯৭২ সালে কয়েকটি পত্রিকায় প্রকাশিত মোট ৬১টি প্রতিবেদনের অনুলিপি জব্দ করেন এবং পত্রিকার মূল কপি একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান গ্রন্থাগারিক মো. মোবারক হোসেনের জিম্মায় রেখে আসেন।এজাবউদ্দিনকে জেরার সময় আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, জব্দ করা এসব প্রতিবেদনের কোনোটির শিরোনামেই সাঈদীর নাম নেই। এতে সাক্ষী হ্যাঁ-সূচক জবাব দেন।এরপর রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী সৈয়দ মাসুম সাক্ষ্য দেন। তাঁকে আসামিপক্ষ জেরা করেনি। আর কোনো সাক্ষী উপস্থিত না থাকায় দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।