মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আযমের স্ত্রী ও এক স্বজনের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের ব্যবস্থা কীভাবে করা হয়েছিল, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। পাশাপাশি গোলাম আযমের স্ত্রী সৈয়দা আফিফা আযম ও ভাইয়ের ছেলে লুৎফর কবিরকে কীভাবে শাহজালাল বিমানবন্দরে ভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে, তা জানতে চেয়ে আদালত রুল দেন। স্বরাষ্ট্রসচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, শাহজালাল বিমানবন্দরের পরিচালক, ভিআইপি পাসের ব্যবস্থাকারী দেলেনা বেগমসহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, দুই সপ্তাহের মধ্যে বেবিচক চেয়ারম্যানকে এ বিষয়ে প্রতিবেদন দিতে আদালত নির্দেশ দিয়েছেন। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, ওই প্রতিবেদনে তা-ও জানাতে হবে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১২ মে দিন ধার্য করেছেন আদালত।
পত্রিকায় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন গতকাল আদালতের নজরে আনেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। ওই প্রতিবেদন আমলে নিয়ে আদালত এ রুল দেন।
৮ এপ্রিল গোলাম আযমের স্ত্রী ও ভাইয়ের ছেলেকে সঙ্গে নিয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা যুগ্ম সচিব দেলেনা বেগম। সৌদি আরব যাওয়ার জন্য ভিআইপি লাউঞ্জ হয়ে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে বিষয়টি ধরা পড়ে।