গোলাম আরিফের বাসার পাশে বোমা বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর রাজশাহীর বাসার পাশের বাসায় গতকাল সোমবার রাত আটটার দিকে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
নগরের উপশহর ২ নম্বর সেক্টরের ১৬০ নম্বর বাসাটি গোলাম আরিফের। এই বাসার দ্বিতীয় তলায় থাকেন তিনি। এর পাশের ১৬১ নম্বর বাসাটি আইনজীবী সোলাইমান মণ্ডলের। সোলাইমান মণ্ডলের ছেলে আইনজীবী মোস্তফা কামাল বলেন, রাত আটটার দিকে বিকট শব্দে বোমাটি তাঁদের বাসার সিঁড়িঘরে বিস্ফোরিত হয়। এ সময় একটি মোটরসাইকেল বাসার পাশ দিয়ে দ্রুত চলে যায়। তাঁরা ধারণা করছেন, ওই মোটরসাইকেল থেকেই হাতবোমাটি নিক্ষেপ করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
মোস্তফা কামাল বলেন, তাঁর বাবা এবং তিনি দুজনেই আইনজীবী। কিন্তু তাঁরা কোনো রাজনৈতিক মামলায় লড়েন না। তাঁদের সঙ্গে এমন কারও শত্রুতাও নেই। তিনি ধারণা করছেন, চলন্ত অবস্থায় গোলাম আরিফের বাসা লক্ষ্য করে বোমা ছোড়ার সময় তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁদের বাসায় এসে পড়ে।
বগুড়ায় অধ্যক্ষের বাসভবনে বোমা হামলা
আমাদের বগুড়া প্রতিনিধি জানান, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্রনাথ দাসের সরকারি বাসভবনে পর পর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে কলেজের নতুন ভবনের রোকেয়া হলসংলগ্ন অধ্যক্ষের সরকারি বাসভবনে এই হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। অধ্যক্ষ দীপকেন্দ্রনাথ দাস বলেন, মোটরসাইকেলে দুজন যুবক এসে বাসা লক্ষ্য করে পর পর দুটি হাতবোমা নিক্ষেপ করে। এতে কেউ হতাহত হয়নি।